শাস্তর সেঞ্চুরিতে টাইগারদের চ্যালেঞ্জিং স্কোর
নিউজিল্যাণ্ডের লক্ষ্য ২৬৬ রান

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত। ফিফটির দেখা পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস। তাদের দারুণ ব্যাটিংয়ে শুরুতে ধাক্কা খেলেও লড়াই করার মতো স্কোর গড়েছে বাংলাদেশ।
চট্টগ্রামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে ইনিংসের শুরুটা ছিল হতাশাজনক। দ্বিতীয় বলেই শূন্য রানে আউট হন ওপেনার সাইফ হাসান, উইলিয়াম ও’রউরকের বলে কট বিহাইন্ড হয়ে ফিরে যান তিনি।
এরপর আরেক ওপেনার তানজিদ হাসান তামিমও ব্যর্থ হন। আগের ম্যাচে ফিফটি করা এই ব্যাটার এবার করেন মাত্র ১ রান। ৯ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা।
তবে সেই চাপ সামাল দেন নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার। যদিও তাদের জুটি বেশিক্ষণ টেকেনি। ২৬ বলে ১৮ রান করে আউট হন সৌম্য।
চতুর্থ উইকেটে বড় জুটি গড়ে ম্যাচে ফেরার পথ তৈরি করেন শান্ত ও লিটন দাস। শুরুতে ধীরগতির হলেও পরে আক্রমণাত্মক ব্যাটিংয়ে তারা গড়েন ১৬০ রানের জুটি। ফিফটি তুলে নেন লিটন, করেন ৭৬ রান।
অন্যদিকে দুর্দান্ত ব্যাটিংয়ে সেঞ্চুরি পূর্ণ করেন শান্ত। ১১৯ বলে ১০৫ রানের ইনিংসে ৯টি চার ও ২টি ছক্কা মারেন তিনি। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি।
শেষ দিকে মেহেদী হাসান মিরাজ ২২, তাওহীদ হৃদয় ৩৩* এবং মুস্তাফিজুর রহমান ৩* রান করেন। শরিফুল ইসলাম ১ এবং তানভীর ইসলাম শূন্য রানে আউট হন।
নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশ ৮ উইকেটে সংগ্রহ করে ২৬৫ রান। ফলে জিততে হলে নিউজিল্যান্ডের লক্ষ্য ২৬৬ রান।
ভোরের আকাশ/সু.পা