বাউন্স ও গতির সঙ্গে মানিয়ে নিতে না পারাই ব্যর্থতার কারণ: আশরাফুল

জিম্বাবুয়ে সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজে বাংলাদেশের ব্যাটিং বিভাগের হতাশাজনক পারফরম্যান্সের দায় স্বীকার করেছেন জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। স্বাগতিক পেসারদের অতিরিক্ত গতি ও বাউন্সের সঙ্গে মানিয়ে নিতে না পারাকেই ব্যর্থতার অন্যতম কারণ হিসেবে দেখছেন তিনি।
জিম্বাবুয়েতে ব্যর্থ মিশন শেষে বুধবার (২২ জুলাই) সকালে দেশে ফিরেছে বাংলাদেশ দল। বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় সফরের ব্যর্থতা নিয়ে নিজের মতামত তুলে ধরেন আশরাফুল।
বাংলাদেশের ব্যাটিং কোচ বলেন, “অতিরিক্ত বাউন্স ছিল। ওই বাউন্সের সঙ্গে মানিয়ে নিতে আমাদের একটু সময় লেগেছে। টেস্ট ম্যাচে আমরা ভালো করতে পারিনি। পরে তৃতীয় ওয়ানডেতে গিয়ে মানিয়ে নিতে পেরেছি। আমি মনে করি, সামনে ২০২৭ বিশ্বকাপের আগে এ ধরনের কন্ডিশনের জন্য আমরা আরও ভালোভাবে প্রস্তুতি নিতে পারব।”
জিম্বাবুয়ে সফরে প্রথমবারের মতো একই সফরে তিন সংস্করণেই হারের শঙ্কায় পড়েছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে নাটকীয় ৪ উইকেটের জয়ে সেই শঙ্কা দূর হয়। তবে পুরো সফরে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানই সেঞ্চুরি করতে পারেননি।
আশরাফুল মনে করেন, সিরিজ শুরুর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে ব্যাটসম্যানদের মানিয়ে নিতে সুবিধা হতো। তিনি বলেন, “একটি প্রস্তুতি ম্যাচ থাকলে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ তৈরি হতো।” এদিকে বাংলাদেশের সামনে অপেক্ষা করছে আরও কঠিন পরীক্ষা। আগামী মাসের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়া সফরে যাবে নাজমুল হোসেন শান্তর দল। সেখানে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ।
অস্ট্রেলিয়া সফর নিয়ে আশাবাদী আশরাফুল বলেন, “আমরা প্রায় ১০ দিন আগে অস্ট্রেলিয়ায় যাচ্ছি। সেখানে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ আছে। আশা করি, খেলোয়াড়রা ভালো করবে।” আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ২২ আগস্ট ম্যাকাইয়ে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। ২০০৩ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের এটি প্রথম টেস্ট সিরিজ।
ভোরের আকাশ/সু.পা