টেস্ট-ওয়ানডের হতাশা ভুলে টি-টোয়েন্টি মিশনে টাইগাররা

একমাত্র টেস্ট ও ওয়ানডে সিরিজ শেষে এবার টি-টোয়েন্টি ফরম্যাটের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। টেস্ট ও ওয়ানডে সিরিজে প্রত্যাশিত ফল না পাওয়ার পর সংক্ষিপ্ত ফরম্যাটে নতুন করে শুরু করতে চায় তাসকিন আহমেদ-তাওহীদ হৃদয়ের দল।
তবে টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়ের রেকর্ড ভালো হওয়ায় বাংলাদেশের জন্য চ্যালেঞ্জটা সহজ হবে না। ফলে দুই দলের মধ্যকার লড়াইটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেই ধারণা করা হচ্ছে।
প্রথম টি-টোয়েন্টির আগে বাংলাদেশের সম্ভাব্য একাদশ নিয়ে চলছে আলোচনা। পেস আক্রমণে তিনজনের জায়গা অনেকটাই নিশ্চিত। তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানার সঙ্গে একাদশে যুক্ত হতে পারেন বাড়তি পেসার আব্দুল গাফফার সাকলাইন।
এ ক্ষেত্রে লেগস্পিনার রিশাদ হোসেনের সঙ্গে উইকেট ও কন্ডিশন বিবেচনায় একাদশ সাজাতে গিয়ে নাসুম আহমেদ ও শেখ মেহেদী হাসানকে বাইরে থাকতে হতে পারে।
ব্যাটিং বিভাগে ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের সঙ্গী হিসেবে সাইফ হাসানের খেলার সম্ভাবনা রয়েছে। তিন নম্বরে দেখা যেতে পারে পারভেজ হোসেন ইমনকে।
মিডল অর্ডারে অধিনায়ক তাওহীদ হৃদয় চার নম্বরে এবং নুরুল হাসান সোহান পাঁচ নম্বরে ব্যাট করতে পারেন। ছয় নম্বরে দায়িত্ব পেতে পারেন মোসাদ্দেক হোসেন সৈকত।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় শুরু হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ।
বাংলাদেশ স্কোয়াড
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয় (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, আবদুল গাফফার সাকলাইন/নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং শরিফুল ইসলাম।
জিম্বাবুয়ে স্কোয়াড
বেন কারান, ব্রায়ান বেনেট, তাদিওয়ানাশে মারুমানি (উইকেটরক্ষক), সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, টনি মুনিয়োঙ্গা, ক্লিভ মাদান্দে, ব্র্যাড ইভান্স, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা এবং ব্লেসিং মুজারাবানি।
ভোরের আকাশ/সু.পা