প্রথমবারের মতো দিবারাত্রি ম্যাচ হবে এনসিএল টি-টোয়েন্টিতে

গত বছর প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট। সিলেটে আয়োজিত সেই আসর ছিল উত্তেজনাপূর্ণ ও প্রতিযোগিতামূলক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সফলভাবে আয়োজন করেছিল আসরটি, যা খেলোয়াড়দের কাছ থেকেও প্রশংসা পেয়েছিল।
ক্রিকেটারদের আগ্রহ ও চাহিদার পরিপ্রেক্ষিতে আবারও মাঠে গড়াচ্ছে এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর। সব কিছু ঠিক থাকলে, আগামী সেপ্টেম্বরে শুরু হবে এবারের টুর্নামেন্ট।
এবার কয়টি ভেন্যুতে খেলা হবে তা নিয়ে চলছিল আলোচনা। বৃহস্পতিবার বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান নিশ্চিত করেন, তিনটি ভেন্যুতে আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
তিনি জানান, "ভেন্যু নির্বাচন নিয়ে আমাদের দীর্ঘ সভা হয়েছে। কারণ, দুটি মাঠসহ একটি পূর্ণাঙ্গ ভেন্যু পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। অনেক চিন্তাভাবনার পর আমরা বেছে নিয়েছি বগুড়া, রাজশাহী ও সিলেট—এই তিনটি শহর।"
সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচগুলো দিবারাত্রি আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। আকরাম খান বলেন, "বিপিএলের মতো বড় টুর্নামেন্ট নিয়ে সবসময় একটা প্রত্যাশা থাকে। আমরা চাই ক্রিকেটটা দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দিতে। বগুড়ায় ইতোমধ্যেই অনেক ম্যাচ আয়োজন করা হয়েছে, রাজশাহীতেও দর্শকের আগ্রহ প্রচুর, সেখানে অনেক প্রতিভাবান ক্রিকেটার উঠে আসছে। সিলেটে আমরা দিবারাত্রি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছি, বিশেষ করে সেমিফাইনাল ও ফাইনালের জন্য।"
ভোরের আকাশ/হ.র