জিম্বাবুয়ে ধৈর্যশীল ব্যাটিংয়ে বড় জয় পেয়েছে : বাংলদেশ কোচ

হারারে টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে একেবারেই লড়াইয়ের মানসিকতা দেখাতে পারেনি বাংলাদেশ। মাত্র আড়াই দিনের মধ্যে ইনিংস ও ৮৫ রানের বড় ব্যবধানে হেরে যায় নাজমুল হোসেন শান্তর দল। ম্যাচজুড়ে ব্যাটিংয়ে চরম ব্যর্থতা এবং বোলিংয়ে নিষ্প্রভ পারফরম্যান্সে হতাশাজনক পরিণতি বরণ করতে হয় সফরকারীদের।
এই জয়ে নিজেদের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয় পেয়েছে জিম্বাবুয়ে। অন্যদিকে বাংলাদেশ ম্যাচে কোনো পর্যায়েই প্রতিরোধ গড়তে পারেনি।
ম্যাচ শেষে বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স বলেন, “অনেক কিছুই ভিন্নভাবে করা যেত। আমার মনে হয় প্রথম দুই ঘণ্টায় আমরা ম্যাচে ছিলাম। কিন্তু লাঞ্চ ও চা বিরতির সময়ই ম্যাচটা আমাদের হাত থেকে বেরিয়ে যায়। ব্যাটিংয়ে আরও ডেডিকেশন দরকার ছিল।”
তিনি আরও বলেন, “টেস্ট ক্রিকেটে আগে রান করতে হয়। ভালো ব্যাটিং না করলে বোলারদেরও কিছু করার থাকে না। উইকেটের কন্ডিশন বুঝে ব্যাটিং করতে হবে।”
জিম্বাবুয়ের পারফরম্যান্সের প্রশংসা করে সিমন্স বলেন, স্বাগতিকরা নিজেদের কন্ডিশন ভালোভাবে কাজে লাগিয়েছে এবং ধৈর্য ধরে ব্যাটিং করেছে, যা ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে।
তবে বড় ব্যবধানে হার সত্ত্বেও আত্মবিশ্বাস হারাননি বাংলাদেশ কোচ। তিনি বলেন, “আমরা টানা পাঁচটি টেস্ট জিতেছি। একটি হারেই সব বদলে যায় না। এই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে হবে। আমাদের ভুলগুলোই আমাদের ভুগিয়েছে।”
তিনি আরও যোগ করেন, জিম্বাবুয়ে ভালো জায়গায় বল করেছে এবং দীর্ঘ সময় ধরে ধৈর্য ধরে রান তুলেছে, যা টেস্ট ক্রিকেটের সঠিক উদাহরণ।
ভোরের আকাশ/সু.পা