বিশ্বকাপে দল কমানোয় আইসিসির সিদ্ধান্তের সমালোচনায় স্টিভ ওয়াহ

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের দলসংখ্যা ১৪ থেকে কমিয়ে ১২ করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার স্টিভ ওয়াহ। তার মতে, ক্রিকেটকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হলে আরও বেশি দেশকে বড় টুর্নামেন্টে খেলার সুযোগ দেওয়া উচিত। ফুটবল বিশ্বকাপে দলসংখ্যা বাড়লেও ক্রিকেটে উল্টো পথে হাঁটা হচ্ছে বলেও মন্তব্য করেছেন সাবেক এই বিশ্বকাপজয়ী অধিনায়ক।
দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। প্রথমে ১৪ দল নিয়ে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা থাকলেও পরে দলসংখ্যা কমিয়ে ১২ করা হয়।
নতুন ফরম্যাট অনুযায়ী, ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি বিশ্বকাপের মূলপর্বে জায়গা পাবে। এর সঙ্গে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি অংশ নেওয়ার সুযোগ পাবে। ফলে র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০ দলের বিশ্বকাপ খেলা নিশ্চিত হবে। বাকি দুটি দল আসবে বাছাইপর্ব থেকে।
এর মধ্যে বাছাইপর্বের চ্যাম্পিয়ন দল সরাসরি বিশ্বকাপের ১১তম দল হিসেবে জায়গা পাবে। আরেকটি দল নির্ধারিত হবে বাছাইপর্বে ১২, ১৩ ও ১৪তম অবস্থানে থাকা দলগুলোর ত্রিদেশীয় সিরিজের মাধ্যমে।
‘দ্য টেলিগ্রাফ’কে দেওয়া সাক্ষাৎকারে আইসিসির এই সিদ্ধান্তের সমালোচনা করেন ১৯৯৯ বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের অধিনায়ক স্টিভ ওয়াহ। তিনি বলেন, “এটি পেছনের দিকে চলার প্রক্রিয়া। ওয়ানডে বিশ্বকাপ ১৪ থেকে কমিয়ে ১২ দলে করা হচ্ছে। আমি এর যৌক্তিক ভিত্তি জানি না। যখন আপনি ফিফা বিশ্বকাপের দিকে দেখবেন, তারা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ দল নিয়ে টুর্নামেন্ট করছে, আর আমরা ক্রিকেটে ভিন্ন পথে হাঁটছি।”
ক্রিকেটকে বৈশ্বিক খেলায় পরিণত করতে আরও বেশি দেশকে অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্ব দিয়ে স্টিভ ওয়াহ বলেন, অন্য দলগুলোকে উৎসাহিত করতে হবে। বেশি প্রতিযোগিতা এবং শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ পেলেই সহযোগী ও উদীয়মান দেশগুলো উন্নতি করতে পারবে বলেও মন্তব্য করেন তিনি।
আইসিসির নতুন বিশ্বকাপ কাঠামো নিয়ে এর আগে আপত্তি জানিয়েছে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের ক্রিকেট বোর্ড। চলতি আগস্টে দেশ দুটির ক্রিকেট বোর্ড যৌথ বিবৃতিতে টুর্নামেন্টের বাছাই প্রক্রিয়া ও কাঠামোয় বড় পরিবর্তন আনার সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে।
বিবৃতিতে তারা জানায়, বিশ্বকাপ শুরুর ১৮ মাসেরও কম সময় আগে বাছাই প্রক্রিয়া ও কাঠামোয় এমন পরিবর্তন সহযোগী সদস্য দেশগুলোর ক্রিকেটের জন্য বড় ধাক্কা। এতে বিশ্বব্যাপী ক্রিকেটের প্রসারে সাম্প্রতিক বছরগুলোর অগ্রগতি ব্যাহত হওয়ার আশঙ্কাও প্রকাশ করে তারা।
ভোরের আকাশ/সু.পা