পাওয়ার প্লেতে বাংলাদেশের সংগ্রহ এক উইকেটে ৭২ রান

বড় লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ। চট্টগ্রামে অস্ট্রেলিয়ার দেওয়া ১৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক শুরু করেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান।
দুই প্রান্ত থেকেই ঝোড়ো ব্যাটিংয়ে রান তোলেন তারা। তবে ভালো শুরুর পর ইনিংস বড় করতে পারেননি তানজিদ তামিম। ১৫ বলে ৩০ রান করে ম্যাট রেনশোর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। এতে ভাঙে ৪৮ রানের উদ্বোধনী জুটি।
উইকেটে এসে দ্রুত রান তোলার ধারা অব্যাহত রাখেন সৌম্য সরকার। তার আগ্রাসী ব্যাটিংয়ে রান রেটে কোনো প্রভাব পড়েনি। সাইফ হাসানের সঙ্গে মিলে দলকে এগিয়ে নেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৭২ রান। জয়ের জন্য টাইগারদের প্রয়োজন আরও ৮৪ বলে ১২৫ রান।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৬ রান করে। দলের হয়ে সর্বোচ্চ ৮৯ রান করেন ম্যাট রেনশো। বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন নাসুম আহমেদ। তিনি ২৭ রানে ২ উইকেট নেন। এছাড়া একটি করে উইকেট পান নাহিদ রানা, আব্দুল গাফফার সাকলাইন ও মুস্তাফিজুর রহমান।
ভোরের আকাশ/সু.পা