বাংলাদেশ সফরের দলে পরিবর্তন আনল ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশ সফরের ঠিক আগমুহূর্তে নিজেদের টেস্ট স্কোয়াডে এক পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। ব্যক্তিগত ও পারিবারিক কারণে শেষ মুহূর্তে সফর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন পেস বোলিং অলরাউন্ডার কিমো পল। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন ২৮ বছর বয়সী অলরাউন্ডার শামার স্প্রিঙ্গার।
রবিবার এক বিবৃতিতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) বিষয়টি নিশ্চিত করেছে।
পলের বদলি হিসেবে ওজে শিল্ডস ও নায়াল স্মিথের কথা ভাবা হলেও চোটের কারণে তারা বিবেচনায় আসেননি। এর আগে মূল স্কোয়াড থেকে পেসার আলজারি জোসেফকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে বিশ্রাম দেওয়া হলে তার জায়গায় নেওয়া হয়েছিল পলকে। তবে পলও সরে দাঁড়ানোয় শেষ পর্যন্ত সুযোগ পেলেন স্প্রিঙ্গার।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনটি ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি খেললেও এখন পর্যন্ত টেস্টে অভিষেক হয়নি স্প্রিঙ্গারের। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে বেশ সফল তিনি। ২৩টি প্রথম শ্রেণির ম্যাচে ৩২.৫৯ গড়ে ১০৪৩ রান করার পাশাপাশি ২৭.৮৭ গড়ে নিয়েছেন ৫৮টি উইকেট।
সম্প্রতি ২০২৬ সালের ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপে বার্বাডোজের হয়ে ব্যাট হাতে দারুণ সময় কাটান স্প্রিঙ্গার। চার ম্যাচে ৫০.২০ গড়ে করেন ২৫১ রান। তবে বল হাতে কঠিন সময় পার করতে হয় তাকে। ৪২ গড়ে শিকার করতে পারেন কেবল সাতটি উইকেট।
আলজারি ও পলের পাশাপাশি শাই হোপও থাকছেন না বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে। চমৎকার ফর্মে থাকা সাদা বলের সংস্করণের অধিনায়ক হোপকে বিশ্রাম দেওয়া হয়েছে।
আগামী ২২ অক্টোবর ঢাকায় তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর শুরু হবে। এরপর ২৮ অক্টোবর মিরপুরে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। আর ৫ নভেম্বর সিলেটে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
ওয়েস্ট ইন্ডিজের পরিবর্তিত টেস্ট স্কোয়াড:
রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, ত্যাগনারায়ণ চন্দ্রপল, জশুয়া ডা সিলভা, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, কেমার রোচ, জেইডেন সিলস, শামার স্প্রিঙ্গার ও কেভিন উইকহ্যাম।