টেস্টে ছক্কায় বিশ্বরেকর্ড গড়লেন ঋষভ পান্ত

ইংল্যান্ড সফরে অসাধারণ ফর্মে আছেন ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পান্ত। চলমান লর্ডস টেস্টের প্রথম ইনিংসে তিনি করেছেন ফিফটি, পাশাপাশি গড়েছেন নতুন এক রেকর্ড।
লর্ডস টেস্টের তৃতীয় দিন শনিবার লাঞ্চের আগে ১১২ বলে ৭৪ রান করার সময় বেন স্টোকসের সরাসরি থ্রোতে রান আউট হন পান্ত। তার ইনিংসে ছিল ৮টি চার ও ২টি ছক্কা। এই দুই ছক্কায় পান্ত ভারতের হয়ে টেস্টে সর্বোচ্চ ছক্কার তালিকায় দ্বিতীয় স্থানে উঠেছেন, যেখানে তিনি রয়েছেন রোহিত শর্মার পাশে।
রোহিত শর্মা তার ক্যারিয়ারে ১১৬ ইনিংসে মোট ৮৮ ছক্কা মারেন, আর পান্ত মাত্র ৮০ ইনিংসে তা স্পর্শ করেছেন। তালিকায় শীর্ষে আছেন বীরেন্দর শেবাগ, যিনি ১৮০ ইনিংসে ৯১টি ছক্কা হাঁকিয়েছিলেন। তবে পান্তের সামনে এখনও অনেক ম্যাচ রয়েছে, তাই এই রেকর্ড ভাঙারও সম্ভাবনা উজ্জ্বল।
বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে পান্তের ছক্কার পরিমাণই নজরকাড়া। মাত্র ১৫ টেস্টেই তিনি ৩৬টি ছক্কা হাঁকিয়েছেন, যা ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রেকর্ড এবং সেখানে তিনি ছাপিয়ে গেছেন লিজেন্ড ভিভ রিচার্ডসকেও।
পান্তের এই ধারাবাহিক পারফরম্যান্স ভারতীয় ক্রিকেট দলের জন্য বড় পাওয়া হিসেবে দেখা হচ্ছে এবং ভবিষ্যতে আরও অনেক রেকর্ড গড়ার সম্ভাবনা উজ্জ্বল।
ভোরের আকাশ//হ.র