বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ, আনুষ্ঠানিক ঘোষণা দিলো আইসিসি

বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার বিষয়ে এককভাবে অবস্থান নেওয়ার পর আইসিসি আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করেছে। আজ (শনিবার) সন্ধ্যায় প্রকাশিত এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, আসন্ন ২০২৬ আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে সরিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে টুর্নামেন্টে অংশগ্রহণে অস্বীকৃতি জানানোর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য ২০ দলের এই প্রতিযোগিতায় নিরাপত্তার কোনো যৌক্তিক ঝুঁকি না থাকার কারণে আইসিসি বিসিবির ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরের দাবি প্রত্যাখ্যান করেছে।
এই ঘোষণার সঙ্গে, স্কটল্যান্ড এবার ‘সি’ গ্রুপে জায়গা পাবে এবং তারা ভারতীয় শহরগুলিতে নির্ধারিত ম্যাচগুলো খেলবে।
ভারতে নির্ধারিত ম্যাচগুলো আয়োজনের বিষয়ে বিসিবির উত্থাপিত উদ্বেগগুলো নিরসনে আইসিসির একটি দীর্ঘ প্রক্রিয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিন সপ্তাহেরও বেশি সময় ধরে আইসিসি বিসিবির সঙ্গে স্বচ্ছ ও গঠনমূলক উপায়ে ভিডিও কনফারেন্স ও সরাসরি বৈঠকের মাধ্যমে একাধিকবার আলোচনা চালিয়েছে।
এই প্রক্রিয়ার অংশ হিসেবে আইসিসি বিসিবির উল্লেখিত উদ্বেগগুলো পর্যালোচনা করেছে এবং অভ্যন্তরীণ ও বহিরাগত বিশেষজ্ঞদের কাছ থেকে স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন গ্রহণ ও বিবেচনা করেছে। এছাড়া কেন্দ্রীয় ও রাজ্য পর্যায়ের ব্যবস্থা এবং ইভেন্টের জন্য উন্নত নিরাপত্তা প্রোটোকল সংবলিত বিস্তারিত নিরাপত্তা ও অপারেশনাল পরিকল্পনা শেয়ার করেছে। আইসিসি বিজনেস কর্পোরেশন (আইবিসি) বোর্ডের আলোচনা চলাকালীনসহ বিভিন্ন পর্যায়ে এই নিশ্চয়তাগুলো বারবার প্রদান করা হয়েছিল।
আইসিসির মূল্যায়ন এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ভারতে বাংলাদেশ জাতীয় দল, কর্মকর্তা বা সমর্থকদের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি নেই। এই ফলাফলগুলোর আলোকে ও সামগ্রিক প্রভাবগুলো সতর্কতার সঙ্গে বিবেচনা করার পর আইসিসি নির্ধারণ করেছে যে, প্রকাশিত ইভেন্ট সূচি সংশোধন করা সমীচীন নয়। আইসিসি টুর্নামেন্টের সূচির অখণ্ডতা ও পবিত্রতা রক্ষা করা, অংশগ্রহণকারী সকল দল ও ভক্তদের স্বার্থ রক্ষা করা এবং আইসিসি ইভেন্টগুলোর নিরপেক্ষতা ও ন্যায্যতা নষ্ট করতে পারে এমন কোনো নজির স্থাপন এড়ানোর গুরুত্বও উল্লেখ করেছে।
বুধবারের বৈঠকের পর আইবিসি বোর্ড বিসিবিকে ২৪ ঘণ্টার মধ্যে নিশ্চিত করতে অনুরোধ করেছিল যে বাংলাদেশ নির্ধারিত সূচি অনুযায়ী টুর্নামেন্টে অংশ নেবে কি না। নির্ধারিত সময়সীমার মধ্যে কোনো নিশ্চিতকরণ না পাওয়ায়, আইসিসি তার প্রতিষ্ঠিত গভর্ন্যান্স এবং কোয়ালিফিকেশন প্রক্রিয়া অনুযায়ী একটি বিকল্প দল বাছাই করার কার্যক্রম শুরু করে।
মূলত টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করতে না পারা দলগুলোর মধ্যে স্কটল্যান্ড বর্তমানে টি-টোয়েন্টি র্যাংকিংয়ে সবার উপরে। তারা বর্তমানে ১৪তম স্থানে রয়েছে, যা ইতিমধ্যে টুর্নামেন্টে থাকা সাতটি দল নামিবিয়া, সংযুক্ত আরব আমিরাত, নেপাল, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ওমান এবং ইতালির চেয়ে এগিয়ে।
ভোরের আকাশ/এনএস