রোনালদোর কাছে ব্যালন ডি’অর এখন ‘মনগড়া পুরস্কার’

ফুটবল ইতিহাসের কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো এবার টানা দ্বিতীয় বছর ব্যালন ডি’অরের ৩০ জন মনোনীতের তালিকায় জায়গা না পাওয়ায় পুরস্কারের ওপর প্রশ্ন তুলেছেন। দীর্ঘদিন ব্যালন ডি’অরের নিয়মিত নাম হওয়া রোনালদো এবার এই গৌরব থেকে দূরে থাকায় তার মুখ থেকে এসেছে ‘মনগড়া পুরস্কার’— এমন মন্তব্য।
রোনালদো পাঁচবার এই পুরস্কার জিতেছেন, যা ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিও, যিনি আটবার ব্যালন ডি’অর জিতেছেন, এবারও দ্বিতীয়বারের মতো মনোনীত তালিকায় থাকছেন না। তবে মেসিও পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া আসেনি।
গতকাল পর্তুগালে রিও আভের বিরুদ্ধে প্রীতি ম্যাচে আল নাসর দলের হয়ে হ্যাটট্রিক করে জিতেছিলেন রোনালদো। ম্যাচ শেষে ‘স্পোর্ট টিভি পর্তুগাল’-কে তিনি জানান, “এটা আমার কাছে মনগড়া লাগে।” অর্থাৎ তিনি ব্যালন ডি’অরের বিশ্বাসযোগ্যতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
এটা তার ব্যালন ডি’অর কর্তৃপক্ষের প্রতি প্রথম সমালোচনা নয়। গত বছর ম্যানচেস্টার সিটির রদ্রি পুরস্কার জেতার পর রোনালদো ভিনিসিয়ুস জুনিয়রের মনোনয়ন না পেয়ে হতাশা প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, “পুরস্কারটির কোনো বিশ্বাসযোগ্যতা নেই। ভিনিসিয়ুসের এটি পাওয়া উচিত ছিল।”
রোনালদো ও মেসিও উভয়েই ২২ বছর পর দ্বিতীয়বারের মতো ব্যালন ডি’অরের মনোনীত তালিকায় না থাকা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে।
তবে চলতি ২০২৪-২৫ মৌসুমে রোনালদোর পারফরম্যান্স মোটেও খারাপ ছিল না; ক্লাব ও দেশের হয়ে তিনি মিলিয়ে করেছেন ৪৩ গোল এবং জিতেছেন নেশনস লিগের খেতাব। আগামী ২২ সেপ্টেম্বর প্যারিসে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অর পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
সূত্র: বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।
ভোরের আকাশ//হ.র