‘দলে ফিরে ব্রাজিলকে বিশ্বকাপ জেতাবেন নেইমার’
‘দলে ফিরেই ব্রাজিলকে বিশ্বকাপ জেতাবেন নেইমার’

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব চলছে ব্রাজিলকে নিয়ে নেইমারকে বাদ দিয়ে। কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, ইচ্ছে করেই তিনি নেইমারকে বিশ্রাম দিয়েছেন, যাতে অন্যদের পারফরম্যান্স যাচাই করা যায় এবং একইসঙ্গে নেইমারও সময় পান ফিটনেস ফিরে পেতে।
গুরুতর হাঁটুর চোটের কারণে ২০২৩ সালের অক্টোবর থেকে মাঠের বাইরে নেইমার। এরপর ২০২৫ সালে ডাক পেলেও ম্যাচ খেলার মতো অবস্থায় ছিলেন না। তাই তার ২০২৬ বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়েও তৈরি হয়েছে সংশয়।
তবে নেইমারের প্রত্যাবর্তন নিয়ে আশাবাদী ব্রাজিলের কিংবদন্তি রোনালদিনহো। ২০০২ সালের বিশ্বকাপজয়ী এই তারকা বলেন, “আমি নিশ্চিত এটা কেবল সময়ের ব্যাপার। নামটা নেইমার, তাই ফেরার প্রশ্নই আসে না—সে ফিরবেই। আর ফিরেই ব্রাজিলকে আবারও বিশ্বকাপ জেতাবে।”
নতুন কোচ আনচেলত্তির প্রতি সমর্থন জানিয়ে তিনি আরও বলেন, “কার্লো মাত্র দায়িত্ব নিয়েছেন। আমি মিলানে তার সঙ্গে কাজ করেছি, তিনি অভিজ্ঞ ও সফল কোচ। আমি বিশ্বাস করি, তিনি ব্রাজিলকে আবারও শীর্ষে নিয়ে যাবেন।”
২০২৬ সালের আসরে আগেই জায়গা নিশ্চিত করেছে ব্রাজিল। তাই এখন বাকি ম্যাচগুলোতে আনচেলত্তি নতুন খেলোয়াড়দের সুযোগ দিচ্ছেন। তবে ভক্তদের মতোই সাবেক তারকারাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন নেইমারের পূর্ণ ফিটনেসে ফিরে আসার জন্য।
ভোরের আকাশ/হ.র