আল নাসরের সঙ্গেই থাকছেন রোনালদো, চুক্তি নবায়ন

ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে সম্প্রতি নানা গুঞ্জন চললেও শেষ পর্যন্ত সৌদি আরবেই থাকছেন এই পর্তুগিজ তারকা। সৌদি প্রো লিগের ক্লাব আল নাসর তার সঙ্গে আরও দুই বছরের জন্য নতুন চুক্তি করেছে।
বৃহস্পতিবার (২৬ জুন) এক আনুষ্ঠানিক বিবৃতিতে রোনালদোর সঙ্গে নতুন চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ক্লাবটি।
২০২২ সালের ডিসেম্বর মাসে রোনালদো প্রায় ২০ কোটি মার্কিন ডলারের বিনিময়ে আল নাসরের সঙ্গে প্রথম চুক্তি করেন, যার মেয়াদ ছিল চলতি জুন পর্যন্ত। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই সেটি নবায়ন করল ক্লাবটি।
গত মাসে আল ফাতেহর বিপক্ষে পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর এক পোস্ট ঘিরে গুঞ্জন শুরু হয়। সেখানে তিনি লেখেন, ‘এই অধ্যায় শেষ। তবে গল্প এখনও বাকি।’ এরপর থেকেই অনেকে মনে করেছিলেন, রোনালদো হয়তো সৌদি অধ্যায় শেষ করতে যাচ্ছেন। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে আবারও আল নাসরেই নতুন করে পথচলা শুরু করছেন তিনি।
নতুন চুক্তি নিয়ে রোনালদোও তার অনুভূতি জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, "একটি নতুন অধ্যায় শুরু হলো। আবেগ-স্বপ্ন একই। চলো একসঙ্গে ইতিহাস গড়ি।"
ভোরের আকাশ/হ.র