সিরিজের আগে নাহিদ রানার প্রশংসায় অজি সংবাদমাধ্যম

অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেকেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। প্রথম ওয়ানডেতে মাত্র ৪১ রান দিয়ে ৪ উইকেট শিকার করে অস্ট্রেলিয়াকে ১৯১ রানে অলআউট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। তাঁর দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশ ম্যাচটি জয় পায় ৮৬ রানের বড় ব্যবধানে।
এরপর প্রথম টি-টোয়েন্টিতেও একটি উইকেট নিয়ে নিজের ধারাবাহিকতা ধরে রাখেন ২৩ বছর বয়সী এই পেসার। অস্ট্রেলিয়া সফরের আগে তাই দেশটির গণমাধ্যমেও আলোচনায় উঠে এসেছেন নাহিদ রানা।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দ্য সিডনি মর্নিং হেরাল্ড–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, জুনে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে নাহিদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি গতির বোলিং, কার্যকর বাউন্স এবং নিয়ন্ত্রিত লাইন-লেন্থ দিয়ে তিনি অজি ব্যাটারদের কঠিন পরীক্ষায় ফেলেছিলেন।
তবে অস্ট্রেলিয়া সফরের আগে নাহিদের চোট বাংলাদেশ দলের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সাইড স্ট্রেইনে চোট পাওয়ায় ডারউইন ও ম্যাকাইয়ের টেস্টে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
নাহিদের চোটের খবর পাওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকরাও জরুরি বৈঠকে বসেন। কারণ অস্ট্রেলিয়া সফরের পরিকল্পনায় তাঁকে দলের অন্যতম প্রধান স্ট্রাইক বোলার হিসেবে বিবেচনা করা হচ্ছিল।
অজি সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, বিসিবি এখনো স্ক্যান রিপোর্টের অপেক্ষায় রয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সুস্থ হতে তাঁর অন্তত তিন সপ্তাহ সময় লাগতে পারে। ফলে ১৩ আগস্ট ডারউইনে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের আগে পূর্ণ ম্যাচ ফিটনেস ফিরে পাওয়া কঠিন হতে পারে।
জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে নাহিদের শিকার ছিলেন টেস্ট ক্রিকেটার জশ ইংলিস ও অ্যালেক্স ক্যারি। অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক ইংলিসকে আউট করার পর নাহিদের সঙ্গে তাঁর উত্তপ্ত বাক্যবিনিময়ও হয়। পরে সতীর্থরা দুজনকে আলাদা করে পরিস্থিতি শান্ত করেন।
আগামী ১২ মাসে ২১টি টেস্ট ম্যাচের ব্যস্ত সূচি সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে অস্ট্রেলিয়া। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দুই টেস্টের সিরিজ শুরু হবে ১৩ আগস্ট ডারউইনে। এরই মধ্যে শক্তিশালী দল ঘোষণা করেছে স্বাগতিকরা। চোট কাটিয়ে দলে ফিরেছেন অধিনায়ক প্যাট কামিন্স, পেসার জশ হ্যাজলউড এবং অভিজ্ঞ অফ স্পিনার নাথান লায়ন। অন্যদিকে, অস্ট্রেলিয়া সফরের জন্য এখনো দল ঘোষণা করেনি বাংলাদেশ।
ভোরের আকাশ/সু.পা