ইংল্যান্ড সিরিজে দারুণ পারফরম্যান্স, জুলাই মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত শুবমান গিল

ভারতের টেস্ট অধিনায়ক শুবমান গিলকে জুলাই মাসের সেরা ক্রিকেটার ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই পুরস্কার তাঁর ক্যারিয়ারে চতুর্থবারের মতো পাওয়া, যা এখন পর্যন্ত বিশ্বের কোনো পুরুষ ক্রিকেটারের কাছে এতবারের মতো দেয়া হয়নি।
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে অসাধারণ পারফরম্যান্সের জন্য গিলকে এই স্বীকৃতি দেওয়া হয়। জুলাই মাসে গিল টেস্টে ৫৬৭ রান করেছেন, যেখানে তাঁর ব্যাটিং গড় ছিল ৯৪.৫০। বিশেষ করে বার্মিংহামে তিনি ২৬৯ রানের মনমোহন ইনিংস খেলেন এবং একই সঙ্গে এক টেস্টে ৪০০-এর বেশি রান করা বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হন।
পুরস্কার পাওয়ার পর গিল বলেন, "জুলাই মাসের সেরা ক্রিকেটারের সম্মান পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। অধিনায়ক হিসেবে এটি আমার প্রথম টেস্ট সিরিজ ছিল, তাই এই পুরস্কার আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। ইংল্যান্ডের বিরুদ্ধে বার্মিংহামের দ্বিশতরানের ইনিংস আমি সারাজীবন মনে রাখব।"
তিনি আরও যোগ করেন, "এই সিরিজে দু’দলই অসাধারণ পারফর্ম করেছে। আমার মনে হয়, এটা অনেক দিন মনে থাকবে। আমাকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করার জন্য বিচারকদের ধন্যবাদ, সঙ্গে আমার সতীর্থদেরও ধন্যবাদ।"
শুবমান গিলের এই অর্জন ভারতীয় ক্রিকেটের জন্য এক গর্বের মুহূর্ত এবং আগামী টেস্ট সিরিজে তাঁর পারফরম্যান্সের জন্য আশাবাদ আরও বেড়ে গেছে।
ভোরের আকাশ//হ.র