বিশ্বের সেরা ৭ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের তালিকা প্রকাশ, নেই বিপিএল

টি-টোয়েন্টি ফরম্যাট শুরুর পর থেকেই বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট। এবার বিবিসি ও ক্রিকভিজ যৌথভাবে প্রকাশ করেছে বিশ্বের সেরা সাত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের তালিকা, যেখানে জায়গা হয়নি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)।
টুর্নামেন্টের মান, দর্শক আগ্রহ, ম্যাচের ফলাফলের রোমাঞ্চসহ নানা দিক বিবেচনায় এ জরিপ পরিচালনা করা হয়। তালিকার শীর্ষে রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), দ্বিতীয় স্থানে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এছাড়া সেরা সাতের তালিকায় আছে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি, ওয়েস্ট ইন্ডিজের সিপিএল, দক্ষিণ আফ্রিকার এসএ টি-টোয়েন্টি এবং ইংল্যান্ডের দ্য হান্ড্রেড।
২০১২ সালে যাত্রা শুরু করা বিপিএল একসময় আইপিএলের পরই আলোচনায় থাকলেও সময়ের সঙ্গে মান হারিয়েছে। ফিক্সিং কেলেঙ্কারি, অনিয়মিত সময়সূচি, আন্তর্জাতিক মানের সম্প্রচারের অভাব, বড় তারকাদের অনাগ্রহ এবং ফ্র্যাঞ্চাইজি মালিকদের স্বেচ্ছাচারিতায় প্রতিযোগিতাটি ক্রমে পিছিয়ে পড়েছে। পিএসএল ও সিপিএলের আগেই শুরু হলেও বিপিএল আজ আর শীর্ষস্থানীয় টুর্নামেন্টের তালিকায় নেই।
বিবিসি ও ক্রিকভিজের জরিপে বিবেচনায় নেওয়া হয়েছে ম্যাচের শেষ ওভারের রোমাঞ্চ, গড় রান, বাউন্ডারি সংখ্যা, পেসার ও স্পিনারদের উইকেট সংখ্যা, দর্শক উপস্থিতি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তা। বিদেশি ক্রিকেটারদের আগ্রহ ও সামগ্রিক মানও ছিল মূল্যায়নের অংশ।
এই তালিকায় বিপিএল ছাড়াও জায়গা পায়নি যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট ও কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি।
ভোরের আকাশ//হ.র