ঘরোয়া ক্রিকেটে নতুন কাঠামো, নিলাম ২৬ অক্টোবর

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নতুন টুর্নামেন্ট কাঠামো চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম শ্রেণি, ওয়ানডে ও টি-টোয়েন্টি—তিন ফরম্যাটকে একই কাঠামোর আওতায় আনা হয়েছে। নতুন এই কাঠামোর নাম দেওয়া হয়েছে ‘ডমেস্টিক থ্রি’ বা ‘ডি থ্রি’।
এই কাঠামোর প্রথম টুর্নামেন্ট হিসেবে মাঠে গড়াবে টি-টোয়েন্টি প্রতিযোগিতা। আগামী ১৫ ডিসেম্বর শুরু হবে খেলা। এর আগে ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে ক্রিকেটারদের নিলাম। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এ নিলাম আয়োজনের কথা রয়েছে।
এবারের নিলামে থাকছে ভিন্নধর্মী পদ্ধতি। প্রচলিত নিলামে অর্থের ভিত্তিতে ক্রিকেটার দলে নেওয়ার প্রতিযোগিতা হলেও ডি থ্রি টুর্নামেন্টে খেলোয়াড় বাছাইয়ের লড়াই হবে পয়েন্টের ভিত্তিতে। অর্থাৎ, দল গঠনে বেশি অর্থ ব্যয়ের পরিবর্তে নির্ধারিত পয়েন্ট ব্যবহার করে ক্রিকেটার বেছে নিতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে।
নিলামে মূল আকর্ষণ হবে বাকি ২২ জন ক্রিকেটারকে দলে নেওয়ার প্রতিযোগিতা। প্রতিটি দলকে ২৩ জন খেলোয়াড় নিয়ে দল গঠন করতে হবে। এর মধ্যে আইকন ক্রিকেটারদের আগেই নির্বাচন করা হয়েছে। ফলে বাকি ২২ জনকে দলে ভেড়ানোর জন্যই নিলামে প্রতিদ্বন্দ্বিতা করবে দলগুলো।
টুর্নামেন্টের কোচ ও কোচিং স্টাফও চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে। নতুন এই কাঠামোর মাধ্যমে দেশের ঘরোয়া ক্রিকেটে তিন ফরম্যাটের প্রতিযোগিতাকে আরও সমন্বিতভাবে পরিচালনার উদ্যোগ নিয়েছে বিসিবি।
ভোরের আকাশ/সু.পা