ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়েকে আবারও উড়িয়ে দিল বাংলাদেশ যুবারা

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের প্রথম ম্যাচে ৯১ রানে জিম্বাবুয়েকে হারানোর পর দ্বিতীয় দেখাতেও আফ্রিকান দলটিকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
শুক্রবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে বল হাতে বাজিমাত করেন বাংলাদেশের বোলাররা। দলের জয়ের নায়ক ছিলেন পেসার ইকবাল হোসেন ইমন। তার সঙ্গে সমান তালে পারফর্ম করেছেন সানজিদ মজুমদার ও স্বাধীন ইসলাম। এই ত্রয়ীর ঘূর্ণিতে ২২.৩ ওভারে মাত্র ৮৯ রানে অলআউট হয়ে যায় স্বাগতিক জিম্বাবুয়ে।
বল হাতে ইমন ৪ উইকেট নেন মাত্র ২৭ রানে। সানজিদ ও স্বাধীন নেন দুটি করে উইকেট। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন হাবাঙ্গানা। ব্রেন্ডন নিউনি করেন ২০ রান, তাতেন্দা চিমোগোরো ১৬ ও সিম্বারাসে মুজাঙ্গেরে ১১ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন।
জবাবে ব্যাট হাতে শুরুটা ভালো না হলেও লক্ষ্যে পৌঁছাতে বেশি সময় নেয়নি বাংলাদেশ। দলীয় ৫ রানে রিফাত বেগকে হারান যুবারা—ডাক মারেন এই ওপেনার। এরপর কালাম সিদ্দিকি করেন ২০ রান।
তবে এরপর ক্রিজে আসেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম এবং রিজন। দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে মাত্র ১৫.১ ওভারেই জয় তুলে নেয় বাংলাদেশ। তামিম অপরাজিত থাকেন ৪৭ রানে, রিজন করেন ২১ রান।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯: ৮৯/১০, ২২.৩ ওভার (হাবাঙ্গানা ২৬, নিউনি ২০; ইমন ৪/২৭)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৯১/২, ১৫.১ ওভার (তামিম ৪৭*, রিজন ২১*; শেলটন ২/২৯)
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৮ উইকেটে জয়ী।
এই জয়ে পয়েন্ট টেবিলেও নিজেদের অবস্থান আরও সুসংহত করলো বাংলাদেশের যুবারা।
ভোরের আকাশ।।হ,র