লিটন-মিরাজদের সঙ্গে বৈঠকে বসছেন বিসিবি সভাপতি বুলবুল

এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজের প্রস্তুতি সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে বিশেষ বৈঠকে বসছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
ঢাকায় কয়েক দিন ধরে স্কিল অনুশীলনে ব্যস্ত ছিলেন ক্রিকেটাররা। তবে সোমবার নির্ধারিত অনুশীলন বাতিল করা হয়েছে। এর বদলে বিসিবি সভাপতির সঙ্গে আলোচনা সভায় অংশ নেবেন লিটন দাস, মেহেদি হাসান মিরাজসহ জাতীয় দলের সদস্যরা।
বোর্ড সূত্রে জানা গেছে, বৈঠকে ক্রিকেটারদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন বিসিবি সভাপতি। প্রয়োজনে দিকনির্দেশনাও দেওয়া হবে। এ সময় বোর্ডের পরিচালকরাও উপস্থিত থাকবেন।
বৈঠক শেষে মঙ্গলবার সন্ধ্যায় দলটি সিলেটের উদ্দেশে রওনা দেবে। সেখানে শুরু হবে মূল প্রস্তুতি ক্যাম্প। আসন্ন সিরিজ ও টুর্নামেন্টকে সামনে রেখে খেলোয়াড়দের মানসিক ও শারীরিক প্রস্তুতিই এই ক্যাম্পের মূল লক্ষ্য।
এর আগে বিশেষ ফিটনেস ক্যাম্প শেষ করে গত শুক্রবার থেকে পুনরায় মাঠে ফেরেন টাইগার ক্রিকেটাররা। সেদিনই প্রথমবারের মতো নতুন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের অধীনে অনুশীলন করেছেন তারা।
বাংলাদেশ দল আশা করছে, এ বৈঠক ও প্রস্তুতি শিবির তাদের আত্মবিশ্বাস আরও বাড়াবে এবং আন্তর্জাতিক আসরে ভালো করার অনুপ্রেরণা জোগাবে।
ভোরের আকাশ//হ.র