জাতীয় ব্যাডমিন্টন শুরু আজ

আজ শুক্রবার (২৩ অক্টোবর) থেকে ঢাকার পল্টনস্থ শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে শুরু হচ্ছে ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২৬। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের আয়োজনে ছয় দিনব্যাপী এই প্রতিযোগিতা আগামী ২৮ অক্টোবর পর্যন্ত চলবে।
শুক্রবার সকাল ১১টায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
সংবাদ সম্মেলনে দেশের ব্যাডমিন্টনে নতুন প্রতিভা অন্বেষণ, প্রতিভাবান খেলোয়াড়দের প্রতিভা তুলে ধরা এবং জাতীয় পর্যায়ে খেলাটির প্রতিযোগিতামূলক মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখাই জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনের লক্ষ্য ও উদ্দেশ্য বলে মন্তব্য করেন ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী হাসিবুর রহমান। ১০ লাখ টাকার প্রাইজমানির টুর্নামেন্টে পুরুষ এককে চ্যাম্পিয়ন পাবেন ১ লাখ ৪০ হাজার, রানারআপ পাবেন ১ লাখ টাকা। নারী এককে চ্যাম্পিয়ন ১ লাখ এবং রানারআপের জন্য থাকছে ৬০ হাজার টাকা অর্থ পুরস্কার।
এছাড়া পুরুষ দ্বৈতে চ্যাম্পিয়ন ১ লাখ ৪০ হাজার, রানার্সআপ ১ লাখ টাকা, নারী দ্বৈতে চ্যাম্পিয়ন ১ লাখ, রানার্সআপ ৬০ হাজার এবং মিশ্র দ্বৈতে চ্যাম্পিয়ন পাবেন ১ লাখ এবং রানার্সআপের জন্য থাকছে ৬০ হাজার টাকা অর্থ পুরস্কার। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের জন্য থাকছে বিশেষ পুরস্কার ইলেকট্রিক মোটরসাইকেল।
এবারের আসরে ইনজুরির কারণে অংশ নিচ্ছে না পুরুষ এককের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসারের খন্দকার আবদুস সোয়াদ। তবে রানারআপ বাংলাদেশ সেনাবাহিনীর আল আমিন জুমার থাকছেন। এছাড়া নারী এককে গত আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ সেনাবাহিনীর নাসিমা খাতুন, রানারআপ উর্মি আক্তারসহ (বাংলাদেশ সেনাবাহিনী) শীর্ষ খেলোয়াড়রা প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।
ভোরের আকাশ/আ.র