শরিফুলের প্রশংসা, বাংলাদেশের বিপক্ষে আরও টেস্ট সিরিজ চান ক্যারি

ম্যাকাই টেস্টে বাংলাদেশকে ইনিংস ও বড় ব্যবধানে হারিয়ে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করেছে অস্ট্রেলিয়া। মাত্র দুই দিনে ম্যাচ শেষ হলেও তৃতীয় দিনে সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশের পেসার শরিফুল ইসলামের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক-ব্যাটার অ্যালেক্স ক্যারি।
শরিফুলের বোলিং নিয়ে ক্যারি বলেন, ওয়ানডে সিরিজেও তাকে ভালোভাবে দেখেছেন তারা। ঢাকায় সিরিজের শেষ ওয়ানডেতে ছয় উইকেট নেওয়ার পর ম্যাকাইয়েও শরিফুল দারুণ বোলিং করেছেন বলে মন্তব্য করেন তিনি।
ক্যারি বলেন, ‘সে দারুণ বোলিং করেছে। বাংলাদেশের সব পেসারই এই সিরিজে অনেক ভালো বল করেছে। শরিফুল নিজের বোলিংয়ের পুরস্কারটা প্রথম দিনেই পেয়েছে। সিরিজজুড়ে দারুণ প্রতিদ্বন্দ্বিতা হয়েছে।’ দুই দিনে টেস্ট শেষ হওয়া নিয়েও কথা বলেন ক্যারি। তার মতে, ম্যাচ দুই, তিন কিংবা চার দিনে শেষ হওয়া বড় বিষয় নয়; দলের মূল লক্ষ্য পারফর্ম করে জয় পাওয়া।
ডারউইন টেস্টে বড় ব্যবধানে হারের পর ম্যাকাইয়ে ঘুরে দাঁড়ানো প্রসঙ্গে ক্যারি বলেন, প্রথম টেস্টে অস্ট্রেলিয়া সব দিক থেকেই বাংলাদেশের কাছে পিছিয়ে ছিল। তবে দ্বিতীয় টেস্টে তারা ঘুরে দাঁড়িয়ে নিজেদের কাজ ভালোভাবে শেষ করেছে।
তিনি বলেন, প্রথম ইনিংসে ২০০-এর বেশি রান করে ভালো লিড পেয়েছিল অস্ট্রেলিয়া। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও দলের পারফরম্যান্স ভালো হয়েছে। পরবর্তী টেস্টের আগে প্রায় এক মাস সময় থাকায় নিজেদের আরও উন্নতির সুযোগ রয়েছে বলেও জানান তিনি।
দল পরিবর্তনের বিষয়ে নির্বাচকরাই সিদ্ধান্ত নেবেন বলে মন্তব্য করে ক্যারি বলেন, প্রথম টেস্টের পর অস্ট্রেলিয়ান দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তা নিয়ে তারা গর্বিত। তার মতে, প্রথম টেস্টে বাংলাদেশ অসাধারণ খেললেও দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে।
অস্ট্রেলিয়ায় আগস্টে টেস্ট খেলার অভিজ্ঞতাও উপভোগ করেছেন ক্যারি। ডারউইন ও ম্যাকাইয়ের ভেন্যুর প্রশংসা করে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে সেখানে আরও সাদা বলের ম্যাচ আয়োজন করা হবে। বাংলাদেশের পারফরম্যান্সেরও প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার এই উইকেটরক্ষক-ব্যাটার। তিনি বলেন, পুরো সিরিজেই দুই দলের মধ্যে ভালো প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এবং খেলোয়াড়দের মধ্যে দারুণ স্পিরিট ছিল।
ক্যারি আরও বলেন, ‘ওয়ানডে ও টেস্ট—দুই ফরম্যাটেই বাংলাদেশের বিপক্ষে ভালো লড়াই হয়েছে। আশা করছি, সামনে বাংলাদেশের বিপক্ষে আরও টেস্ট ম্যাচ খেলা হবে। আমরা তাদের বিরুদ্ধে আরও সিরিজ খেলতে পছন্দ করব।’
ভোরের আকাশ/সু.পা