সাংহাই মাস্টার্সে আলকারাজের বিদায়, বছর শেষে শীর্ষে জভেরেভ!

সাংহাই মাস্টার্সে অঘটনের শিকার হয়েছেন কার্লোস আলকারাজ। সোমবার (১২ অক্টোবর) টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে হেরে বিদায় নিয়েছেন স্প্যানিশ তারকা। তাঁর এই পরাজয়ের ফলে পুরুষ এককের বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখে বছর শেষ করার সুযোগ তৈরি হয়েছে জার্মান তারকা আলেক্সান্দার জভেরেভের সামনে।
বর্তমানে বিশ্বের দুই নম্বর র্যাঙ্কিংধারী ২৯ বছর বয়সী জভেরেভ আগামী ১৬ নভেম্বর আনুষ্ঠানিকভাবে শীর্ষস্থান নিশ্চিত করবেন বলে জানানো হয়েছে। চলতি মৌসুমে ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেনে শিরোপা জিতে দারুণ সময় কাটিয়েছেন তিনি।
এটিপি ট্যুরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জভেরেভ বলেন, ‘প্যারিস ও নিউইয়র্কে জিতে আমার মৌসুম চমৎকার কেটেছে। জানতে পেরেছি, আমি এ বছর শীর্ষ র্যাঙ্কিংয়ে থেকে শেষ করব। এটা এক কথায় স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার।’
প্রথম জার্মান খেলোয়াড় হিসেবে বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করার কৃতিত্ব অর্জন করতে যাচ্ছেন জভেরেভ। একই সঙ্গে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে এই অর্জন গড়তে যাচ্ছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে ইয়ানি সিনার ও কার্লোস আলকারাজ শীর্ষস্থান ধরে রেখে বছর শেষ করার দৌড়ে ছিলেন। তবে চোটের কারণে দুজনই কয়েক মাস ধরে কোর্টের বাইরে রয়েছেন। বর্তমান এক নম্বর র্যাঙ্কিংধারী সিনার উইম্বলডনের ফাইনালের পর থেকে আর খেলেননি। গত সপ্তাহে হাঁটুর চোটের কারণে চলতি মৌসুম শেষ হওয়ার ঘোষণা দেন তিনি।
অন্যদিকে, বর্তমানে তিন নম্বরে থাকা আলকারাজ গত এপ্রিল থেকে ইউএস ওপেন পর্যন্ত কবজির চোটের কারণে কয়েক মাস মাঠের বাইরে ছিলেন। সাংহাই মাস্টার্সের তৃতীয় রাউন্ডে তাঁর বিদায় জভেরেভের র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করার সম্ভাবনাকে আরও জোরালো করেছে।
ভোরের আকাশ/সু.পা