নিরাপত্তা উদ্বেগের কারণে সৌদি চ্যাম্পিয়নস লিগে নেই রোনালদো

হুথি বিদ্রোহীদের আগ্রাসনের কারণে সৌদি আরবে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দিনকে দিন বেড়েই চলেছে। যার প্রভাব পড়েছে দেশটির শীর্ষ ফুটবলেও। এক সপ্তাহ আগে আল নাসরের এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচ স্থগিত করা হয়। আজ তারা দলের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়া উজবেকিস্তান যাচ্ছে এশিয়ার শীর্ষ ফুটবল টুর্নামেন্ট খেলতে।
গত সপ্তাহে সৌদি প্রো লিগ ম্যাচে হ্যাটট্রিক করা রোনালদোকে তাসখন্দে পাখতাকোরের বিপক্ষে সোমবারের ম্যাচে রাখেননি আনগে পোস্তেকোগলু। মূলত সৌদি নিরাপত্তা উদ্বেগের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও কোচ বলেছিলেন, ‘ম্যাচের চাপ ও লম্বা ভ্রমণের কথা’ বিবেচনা করে তিনি রোনালদো, কিংসলে কোমান ও মোহাম্মদ সিমাকানকে রাখছেন না দলে।
রোনালদোর এক হাজার ক্যারিয়ার গোলের মাইলফলকে পৌঁছাতে আর ১৫টি গোল দরকার। সেই ব্যবধানটা কমানোর জন্য তার অপেক্ষা বাড়ছে।
তার বদলে তরুণ ফরোয়ার্ড আব্দুলরহমান সুফিয়ানিকে অন্তর্ভুক্ত করেছে আল নাসর। তবে পর্তুগিজ সুপারস্টারকে নিয়ে এই সিদ্ধান্ত উজবেকিস্তানের ভক্তদের হতাশ করেছে। রোনালদোকে সামনে থেকে দেখার জন্য অধীর অপেক্ষায় ছিলেন তারা।
আগামী ৬ নভেম্বর সৌদি প্রো লিগে আল নাসর মুখোমুখি হবে আল হাজেমের। সেই ম্যাচেই দলের বড় তারকা ফিরতে পারেন। আপাতত তাকে ছাড়াই খেলতে হবে চ্যাম্পিয়নস লিগের পরের ম্যাচ।
ভোরের আকাশ/সু.পা