বোনাসের চেয়েও অস্ট্রেলিয়া-বধের জয় বড়: হাবিবুল বাশার

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়কে বড় প্রাপ্তি হিসেবে দেখছেন জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। এমন জয়ের পর ক্রিকেটাররা বোনাস না পেলেও কোনো আক্ষেপ থাকবে না বলে মনে করেন তিনি। তবে অস্ট্রেলিয়াকে হারানোর জন্য শান্তদের বোনাস পাওয়ার সম্ভাবনা থাকলেও বাশারের কাছে সেই অর্থের চেয়ে জয়ের গুরুত্বই অনেক বেশি।
ম্যাচ শেষে বোনাস প্রসঙ্গে বাশার বলেন, ‘আমি ঠিক জানি না (বোনাসের ব্যাপারে)। আমরা একটু বেশি ব্যস্ত ছিলাম উদযাপনে। যেহেতু এমন একটা জয়, কিছুটা তো সেলিব্রেট করতে চাইবেন। বোর্ড কী করবে, সেটা বোর্ডের ব্যাপার। বোর্ড হয়তো পরে কিছু করবে। তবে এরকম জয়ের পর আসলে আপনার আর কিছু লাগে না! আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি এমন জয় পেয়েই খুশি। আমার আর কিছু লাগবে না।’
বাংলাদেশের জয়ের পেছনে দলের প্রতিটি বিভাগের অবদান ছিল বলে মনে করেন বাশার। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই দল নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। তাই এই জয় নিয়ে নির্বাচক প্যানেলের প্রধানের উচ্ছ্বাসও ছিল বেশি।
বাশার বলেন, ‘যেভাবেই দেখেন, এই জয় অনেক বড়। বেশ কিছু বড় জয় আছে আমাদের। তবে এটা ভিন্ন। নিউজিল্যান্ডে জেতা টেস্টও বড় ছিল। ওখানেও কঠিন। তবে এটা একেবারেই ভিন্ন। সব দিক দিয়ে ভালো খেলে এই ম্যাচ জিতেছি। ভালো ব্যাটিং, ভালো ফিল্ডিং, ভালো বোলিং। সবাই সবাইকে সাহায্য করেছে। স্পিনার, পেসার, ব্যাটার—অবিশ্বাস্য খেলেছি আমরা।’
অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে সব বিভাগে সমানভাবে ভালো পারফরম্যান্স করেই বাংলাদেশ এই জয় পেয়েছে—এটাই বাশারের কাছে ডারউইন টেস্টের সবচেয়ে বড় বিশেষত্ব।
ভোরের আকাশ/সু.পা