টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে নেদারল্যান্ডস দল

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে ডাচরা। এরপর বিশ্রাম শেষে এরই মধ্যে সিলেটের উদ্দেশে উড়ালও দিয়েছে স্কট অ্যাডওয়ার্ডসের দল।
আগামী শনিবার (৩০ আগস্ট) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশের জন্য এই সিরিজ এশিয়া কাপের প্রস্তুতির অংশ। সিরিজ খেলতে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পা রাখে নেদারল্যান্ডস দলের সদস্যরা। এরপর দুপুর সাড়ে ১২টার ফ্লাইটে সিলেটের উদ্দেশে উড়াল দেয় তারা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, এ সিরিজ আইসিসির ভবিষ্যৎ সফরসূচির (এফটিপি) অংশ নয়। তবে আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে প্রস্তুতির সুযোগ হিসেবেই এটি আয়োজন করা হয়েছে। ফলে বড় টুর্নামেন্টের আগে এই সিরিজ টাইগারদের জন্য গুরুত্বপূর্ণ অনুশীলনের সুযোগ এনে দেবে। নেদারল্যান্ডসের কাছে সফরটিও বিশেষ তাৎপর্যপূর্ণ। এটাই তাদের প্রথমবার বাংলাদেশে এসে দ্বিপাক্ষিক সিরিজ খেলা।
এর আগে তারা একাধিকবার বাংলাদেশ সফর করলেও কখনো দুই দেশের মধ্যে আলাদা সিরিজ হয়নি। ২০১১ সালের বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে মুখোমুখি হয়েছিল ডাচরা। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ঢাকায় কয়েকটি ম্যাচ খেললেও সেটি বাংলাদেশ দলের বিপক্ষে ছিল না।
দুই দলের লড়াইয়ের পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ। এখন পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে দুই দল মুখোমুখি হয়েছে ৫ বার, যার মধ্যে ৪ বার জয় পেয়েছে টাইগাররা। একমাত্র জয় পেয়েছিল নেদারল্যান্ডস, সেটি ঢাকায় ২০১২ সালের ম্যাচে।
বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ শুরু হবে ৩০ আগস্ট সন্ধ্যা ৬টায়। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে যথাক্রমে ১ সেপ্টেম্বর ও ৩ সেপ্টেম্বর একই ভেন্যুতে।
ভোরের আকাশ/এসএইচ