কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার রক্ষণে রদবদল

কেপ ভার্দের বিপক্ষে বিশ্বকাপের শেষ ৩২-এর লড়াইয়ের আগে সুখবর পেয়েছে আর্জেন্টিনা। চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন ক্রিস্টিয়ান রোমেরো। ফলে রক্ষণভাগে আবারও দেখা যেতে পারে এই ডিফেন্ডারকে। তবে লিওনেল স্কালোনির একাদশে শেষ মুহূর্তে চমকও থাকতে পারে। নিকোলাস তালিয়াফিকোর বদলে সুযোগ পেতে পারেন ফাকুন্দো মেদিনা।
চোট কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে ফিরছেন আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো। সতীর্থদের সঙ্গে পূর্ণমাত্রায় অনুশীলন করেছেন তিনি এবং কোচিং স্টাফের সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বলে জানা গেছে। শেষ অনুশীলনের পর তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কোচ লিওনেল স্কালোনি।
সবকিছু ঠিক থাকলে কেপ ভার্দের বিপক্ষে শুরুর একাদশে ফিরতে পারেন রোমেরো। এতে জায়গা হারাতে পারেন নিকোলাস ওতামেন্দি, যিনি সাম্প্রতিক ম্যাচে তাকে বদলি হিসেবে খেলেছিলেন।
অস্ট্রিয়ার বিপক্ষে হাঁটুর চোট পাওয়ার পর জর্ডানের বিপক্ষে বিশ্রামে ছিলেন রোমেরো। তবে এখন তিনি পুরোপুরি ফিট হয়ে দলে ফিরতে প্রস্তুত।
আক্রমণভাগে অবশ্য এখনও অনিশ্চয়তা রয়েছে। লিওনেল মেসির সঙ্গে শুরুর একাদশে লাওতারো মার্তিনেজ কিছুটা এগিয়ে থাকলেও হুলিয়ান আলভারেজও লড়াইয়ে আছেন। কে খেলবেন, তা এখনো নিশ্চিত করেনি আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্ট।
বাঁ প্রান্তেও সিদ্ধান্ত নিতে হবে স্কালোনিকে। চোট কাটিয়ে ফিরলেও নিকোলাস তালিয়াফিকোর জায়গায় ফাকুন্দো মেদিনাকে বিবেচনা করা হচ্ছে। বৃহস্পতিবারের অনুশীলনে দুইজনকেই সমান গুরুত্ব দিয়ে পরীক্ষা করা হয়েছে।
মধ্যমাঠে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনসো ফার্নান্দেজ ও থিয়াগো আলমাদা—এই কম্বিনেশনই শুরুর একাদশে থাকতে পারে।
শনিবার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচে জয় পেলেই শেষ ষোলো নিশ্চিত করবে লিওনেল স্কালোনির দল। এরপর সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে অস্ট্রেলিয়া অথবা মিশর।
ভোরের আকাশ/সু.পা