পিএসএলে গ্যালারিতে দর্শক ফেরাতে পিসিবির উদ্যোগ

দর্শকদের জন্য সুখবর দিয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। জ্বালানি সংকটের কারণে দীর্ঘদিন ধরে দর্শকশূন্য গ্যালারিতে ম্যাচ অনুষ্ঠিত হলেও এবার প্লে-অফসহ কয়েকটি ম্যাচে দর্শকদের মাঠে ফেরার অনুমতি দেওয়া হয়েছে।
ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী জ্বালানি সংকট দেখা দেওয়ায় শুরুতে পিএসএলের সব ম্যাচই দর্শক ছাড়া আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে ফ্র্যাঞ্চাইজি মালিকদের অনুরোধে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আলোচনা করেন। এরপর দর্শক ফেরানোর সিদ্ধান্ত আসে।
শুরুর সিদ্ধান্ত অনুযায়ী শুধু ফাইনাল ম্যাচে দর্শক প্রবেশের সুযোগ থাকার কথা ছিল। কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্লে-অফের আরও তিনটি ম্যাচেও দর্শক মাঠে প্রবেশ করতে পারবেন। ফলে ফাইনালসহ মোট চারটি ম্যাচে গ্যালারিতে থাকবে দর্শকদের উপস্থিতি।
মহসিন নাকভি জানিয়েছেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে এই বিষয়ে অনুমোদন দিয়েছেন। তবে খরচ কমানোর জন্য দর্শকদের গণপরিবহন ব্যবহার করতে এবং কম জ্বালানি ব্যয়ে যাতায়াত করতে উৎসাহ দেওয়া হচ্ছে।
এর আগে জ্বালানি সংকটের কারণে চলতি আসরের ম্যাচগুলো ছয়টি ভেন্যুর পরিবর্তে শুধুমাত্র লাহোর ও করাচিতে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে পুরো টুর্নামেন্টই দর্শকশূন্য গ্যালারিতে আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল।
আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে প্লে-অফ পর্ব। প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেড ও পেশোয়ার জালমি। বাকি ম্যাচগুলো লাহোরে অনুষ্ঠিত হবে এবং ৩ এপ্রিল ফাইনালের মাধ্যমে এবারের আসর শেষ হবে।
ভোরের আকাশ/সু.পা