থমাস ডুলি বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন থমাস ডুলি। শুক্রবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যুক্তরাষ্ট্র ও জার্মানির দ্বৈত নাগরিকত্বধারী ডুলির ফুটবলার ও কোচ—দুই পরিচয়েই রয়েছে দীর্ঘ ৪৩ বছরের সমৃদ্ধ ক্যারিয়ার। খেলোয়াড়ি জীবনে তিনি ডিফেন্সিভ মিডফিল্ডার ও সেন্ট্রাল ব্যাক হিসেবে মাঠ মাতিয়েছেন।
যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে ১৯৯৪ সালের বিশ্বকাপে অংশ নেওয়া ডুলি ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে দলের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া জার্মান ক্লাব কাইজারস্লটার্নের হয়ে বুন্দেসলিগা ও জার্মান কাপ জয়ের কৃতিত্বও রয়েছে তার।
খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়েও সফলতার পরিচয় দেন ডুলি। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি বিশ্বখ্যাত কোচ ইউর্গেন ক্লিন্সম্যানের অধীনে যুক্তরাষ্ট্র জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন।
আন্তর্জাতিক পর্যায়ে প্রধান কোচ হিসেবে তিনি এর আগে ফিলিপাইন জাতীয় দলের দায়িত্ব পালন করেন। তার অধীনেই ফিলিপাইন প্রথমবারের মতো অপরাজিত থেকে এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। পাশাপাশি দলটি ফিফা র্যাঙ্কিংয়ে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ অবস্থানেও পৌঁছে।
বাংলাদেশের দায়িত্ব নেওয়ার আগে ডুলি গায়ানা জাতীয় দলের প্রধান কোচ ছিলেন। তার অধীনে দলটি খেলা চারটি ম্যাচের সবগুলোতেই জয় পেয়েছে।
বাফুফে জানিয়েছে, দেশের তরুণ ফুটবলারদের নিয়ে দীর্ঘমেয়াদি দল গঠন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পারফরম্যান্স উন্নত করাই হবে থমাস ডুলির মূল লক্ষ্য।
ভোরের আকাশ/সু.পা