ভারতের কিংবদন্তি শ্যুটার ও কোচ যশপল রানার মৃত্যু

ভারতের শ্যুটিং ইতিহাসের অন্যতম সফল তারকা ও প্রখ্যাত কোচ যশপল রানা আর নেই। শুক্রবার (১২ জুন) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ৪৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গেছে, জার্মানির মিউনিখে অনুষ্ঠিত আইএসএসএফ বিশ্বকাপ শেষে দেশে ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন যশপল রানা। পরে তাকে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খেলোয়াড়ি জীবনে যশপল রানা ছিলেন ভারতীয় শ্যুটিংয়ের অন্যতম উজ্জ্বল নাম। এশিয়ান গেমসে চারটি স্বর্ণপদক এবং কমনওয়েলথ গেমসে ১৫টি পদক জিতে তিনি দেশের শ্যুটিংকে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ মর্যাদা এনে দেন। মাত্র ১৮ বছর বয়সে, ১৯৯৪ সালে, তিনি অর্জুন পুরস্কারে ভূষিত হন। পরবর্তীতে শ্যুটিংয়ে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০২০ সালে পান ভারতের সর্বোচ্চ কোচিং সম্মান দ্রোণাচার্য পুরস্কার।
খেলোয়াড়ি জীবন শেষে কোচ হিসেবেও সমান সফল ছিলেন যশপল রানা। ২০২৪ প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে ইতিহাস গড়া ডাবল ব্রোঞ্জজয়ী শ্যুটার মনু ভাকরের সাফল্যের পেছনে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনু ভাকরের ক্যারিয়ারের কঠিন সময়ে পাশে দাঁড়িয়ে তাকে আবারও বিশ্বমানের প্রতিযোগিতায় ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি।
যশপল রানার আকস্মিক মৃত্যুতে ভারতসহ উপমহাদেশের ক্রীড়াঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন ক্রীড়া সংগঠন, সাবেক ও বর্তমান ক্রীড়াবিদরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।
বাংলাদেশের সঙ্গেও ছিল যশপল রানার বিশেষ স্মৃতি। ২০০৪ সালে পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত দক্ষিণ এশীয় গেমসে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির (বিএসপিএ) বিচারে তিনি সেরা পুরুষ ক্রীড়াবিদ নির্বাচিত হন। একই আসরে বাংলাদেশের শ্যুটার শারমিন আক্তার সেরা নারী ক্রীড়াবিদের সম্মাননা লাভ করেন। সেই অনুষ্ঠানে যশপল রানার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছিল বিএসপিএর প্রতিনিধিদের মাধ্যমে।
ভারতীয় শ্যুটিংয়ের এই কিংবদন্তির বিদায়ে ক্রীড়াঙ্গন হারাল এক অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্বকে, যার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
ভোরের আকাশ/সু.পা