মিয়ানমারে পৌঁছেই প্রস্তুতি শুরু করল বাংলাদেশ নারী ফুটবল দল

এশিয়ান কাপ বাছাই পর্ব খেলতে মিয়ানমারের ইয়াঙ্গুনে পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ভ্রমণের ক্লান্তি ভুলে পৌঁছেই জিম সেশনে অংশ নেন ঋতুপর্ণা চাকমারা।
বুধবার (২৬ জুন) বাংলাদেশ সময় দুপুর ১টায় ইয়াঙ্গুনের নির্ধারিত হোটেলে পৌঁছায় দলটি। এর আগে গতকাল (২৫ জুন) ভোররাত ২টা ৪৫ মিনিটে থাই এয়ারওয়েজের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেয় বাংলাদেশ কন্টিনজেন্ট। থাইল্যান্ড সময় সকাল ৬টায় ব্যাংককে পৌঁছায় তারা। প্রায় তিন ঘণ্টার ট্রানজিট শেষে মিয়ানমারের উদ্দেশে আবার রওনা দেয় দলটি এবং স্থানীয় সময় সকাল ১১টার দিকে ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ঘণ্টাখানেকের মধ্যেই তারা হোটেলে চেক-ইন করে। সংক্ষিপ্ত বিশ্রামের পরই জিমে হালকা রিকভারি সেশনে অংশ নেন খেলোয়াড়রা। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি দূর করতেই ছিল এই অনুশীলন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে জানানো হয়েছে, সবাই সুস্থ ও স্বাভাবিক রয়েছেন এবং ইয়াঙ্গুনে হালকা বৃষ্টি হচ্ছে।
উল্লেখ্য, এর আগে ২০২৩ সালে প্যারিস অলিম্পিকের নারী ফুটবলের বাছাই পর্বেও বাংলাদেশের খেলা পড়েছিল মিয়ানমারে। তবে আর্থিক সংকটের কারণে সে সময় দল পাঠাতে পারেনি বাফুফে। তবে এবারের এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্ব বিবেচনায় নিয়ে সময়মতো দল পাঠানো হয়েছে।
এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ স্বাগতিক মিয়ানমার, তুর্কমেনিস্তান এবং বাহরাইন। আগামী ২৯ জুন মিয়ানমারের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। গ্রুপের শীর্ষ দলই কেবল কোয়ালিফাই করবে মূল পর্বে। শক্তিমত্তায় এগিয়ে থাকা মিয়ানমার (র্যাঙ্কিং ৫৫) বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হলেও, আফিদা খাতুনরা মাঠে নামছেন সাহস ও আত্মবিশ্বাস নিয়েই।
ভোরের আকাশ//হ.র