শুরুতে চাপে পড়েও শান্ত-মুমিনুলের ব্যাটে লড়ছে বাংলাদেশ

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নেমে দ্রুত দুই ওপেনারকে হারালেও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক-এর দৃঢ় ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা।
শুক্রবার (৮ মে) সকালে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম।
ইনিংসের প্রথম বলেই চার মেরে আত্মবিশ্বাসী সূচনা করেছিলেন মাহমুদুল হাসান জয়। তবে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। দলীয় ১৮ রানের মাথায় ব্যক্তিগত ৮ রান করে শাহীন শাহ আফ্রিদির বলে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানর হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই ওপেনার।
এরপর দ্রুত আরেকটি ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ৩১ রানে ব্যক্তিগত ইনিংস বড় করতে না পেরে হাসান আলীর বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সাদমান ইসলাম।
দুই ওপেনার দ্রুত বিদায় নেওয়ার পর দলের হাল ধরেন অধিনায়ক শান্ত ও অভিজ্ঞ মুমিনুল হক। তৃতীয় উইকেটে দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে প্রাথমিক চাপ কাটিয়ে ধীরে ধীরে ম্যাচে ফেরে বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৮৭ রান। শান্ত ৪১ বলে ২৮ এবং মুমিনুল ৪৮ বলে ২৮ রানে অপরাজিত আছেন।
পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত একটি করে উইকেট শিকার করেছেন শাহীন শাহ আফ্রিদি ও হাসান আলী।
ভোরের আকাশ/সু.পা