চেন্নাই সুপার কিংসের ১৮ বছরের কোচিং ইতি টানলেন স্টিফেন ফ্লেমিং

আইপিএলের ইতিহাসে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের (সিএসকে) সঙ্গে ১৮ বছরের দীর্ঘ সম্পর্কের ইতি টানলেন স্টিফেন ফ্লেমিং। পাঁচটি আইপিএল ও দুটি চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি শিরোপাজয়ী এই কোচ এবং নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।
এক বিবৃতিতে চেন্নাই সুপার কিংস জানিয়েছে, পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই ফ্লেমিংয়ের সঙ্গে তাদের সম্পর্কের সমাপ্তি হয়েছে। ফ্র্যাঞ্চাইজিটি বলেছে, ‘আইপিএলের ইতিহাসের অন্যতম সফল ও দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের অবসান ঘটল। ফ্লেমিং ও সুপার কিংস কর্তৃপক্ষের মধ্যে ধারাবাহিক, খোলামেলা ও সৎ আলোচনার পর পারস্পরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
সাম্প্রতিক সময়ে সিএসকের পারফরম্যান্সে ভাটা পড়েছিল। টানা তিন মৌসুম শিরোপাবঞ্চিত থাকার পর ফ্লেমিংয়ের ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়। সবশেষ আইপিএলে চেন্নাই অষ্টম স্থানে থেকে আসর শেষ করে। এর আগের মৌসুমে তারা পয়েন্ট টেবিলের তলানিতে ছিল।
বিদায়বেলায় ফ্লেমিং বলেন, ‘খেলাধুলার জগতে ১৮ বছর একটি আজীবন সময়ের মতো। আমি গভীর কৃতজ্ঞতা নিয়ে বিদায় নিচ্ছি। চেন্নাই সুপার কিংসের সঙ্গে কাটানো সময় আমার কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বড় সৌভাগ্য ও সম্মানের বিষয়। আমরা একসঙ্গে যা অর্জন করেছি, তা নিয়ে আমি গর্বিত।’
তিনি আরও বলেন, ‘আমরা একসঙ্গে অসংখ্য স্মরণীয় জয় উদযাপন করেছি, কঠিন সময় পার করেছি এবং এমন অনেক স্মৃতি তৈরি করেছি, যা আমার সঙ্গে চিরকাল থাকবে। সিএসকে সবসময়ই আমার হৃদয়ের কাছাকাছি থাকবে। আগামী বছরগুলোতেও আমি দলটির জন্য শুভকামনা জানিয়ে যাব।’
ভোরের আকাশ/সু.পা