এএফসি চ্যালেঞ্জ লিগে কাদসিয়ার কাছে ৩-০ গোলে ফর্টিজের হার

এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে হার দিয়ে শুরু করেছে বাংলাদেশের ক্লাব ফর্টিজ এফসি। শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে কুয়েতের ক্লাব কাদসিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে তারা। ম্যাচে প্রথমার্ধে এক গোলে পিছিয়ে থাকা ফর্টিজ দ্বিতীয়ার্ধে আরও দুই গোল হজম করে।
কুয়েতের মোহাম্মদ আল-হামাদ স্টেডিয়ামে ম্যাচের ২০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন মরক্কোর ফরোয়ার্ড হামজা খাব্বা। বক্সের মধ্যে ফাউল করায় পেনাল্টি পায় কাদসিয়া। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় দলটি।
ফর্টিজের শ্রীলঙ্কান গোলরক্ষক সুজন পেরেরা কয়েকটি দারুণ সেভ করে ব্যবধান কম রাখার চেষ্টা করেন। তবে ম্যাচের ৭১ মিনিটে আরেকটি গোল হজম করে বাংলাদেশের ক্লাবটি। এবার হামজা খাব্বার পাস থেকে গোল করেন মরক্কোর আরেক ফরোয়ার্ড আইয়ুব লাখদার।
নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে আবদুল্লাহর গোল কাদসিয়ার জয়কে আরও বড় করে। শেষ পর্যন্ত ৩-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে ফর্টিজ।
প্রাথমিক বাছাইপর্বে নিজেদের মাঠে মুরাস ইউনাইটেডকে হারিয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছিল বাংলাদেশের ক্লাবটি। তবে মূল পর্বে নিজেদের প্রথম ম্যাচেই হার দিয়ে শুরু হলো তাদের অভিযান।
এএফসি চ্যালেঞ্জ লিগের ‘সি’ গ্রুপে ফর্টিজের অন্য দুই প্রতিপক্ষ ভারতের এফসি গোয়া ও তাজিকিস্তানের রেগার তাদাজ তুরসুনজোদা। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ২০ অক্টোবর এফসি গোয়ার মুখোমুখি হবে ফর্টিজ।
ভোরের আকাশ/সু.পা