২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের জন্য আইসিসির ১২ ভেন্যু চূড়ান্ত

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ১২টি ভেন্যুর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বৃহস্পতিবার রাতে জোহানেসবার্গে আয়োজিত এক অনুষ্ঠানে ভেন্যুগুলোর নাম প্রকাশ করা হয়।
১৪ দল নিয়ে অনুষ্ঠিত হবে ২০২৭ সালের বিশ্বকাপ। ঘোষিত সূচি অনুযায়ী, ৫৪ ম্যাচের বেশির ভাগই অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার আটটি শহরে। সেগুলো হলো— জোহানেসবার্গ, সেঞ্চুরিয়ন, ডারবান, গেবেখা, কুগোম্পো সিটি, কেপ টাউন, পার্ল ও ব্লুমফন্টেইন।
জিম্বাবুয়ের তিনটি ভেন্যু হলো হারারে স্পোর্টস ক্লাব, বুলাওয়েওর কুইন্স স্পোর্টস ক্লাব এবং ভিক্টোরিয়া ফলসের মোসি-ওয়া-তুনিয়া। অন্যদিকে, নামিবিয়ার একমাত্র ভেন্যু হিসেবে রাখা হয়েছে রাজধানী উইন্ডহুকের নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ড।
জিম্বাবুয়েতে সাত থেকে ১০টি এবং নামিবিয়ায় অন্তত তিনটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে।
বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হতে পারে জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়াম অথবা কেপ টাউনের নিউল্যান্ডসে।
বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার বেনোনি ও পচেফস্ট্রুমে। এছাড়া আগামী বছরের শুরুতে নামিবিয়ায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপের বাছাইপর্ব। দক্ষিণ আফ্রিকায় বাছাইপর্বের কোনো ম্যাচ রাখা হয়নি, কারণ সে সময় দেশটির প্রধান ভেন্যুগুলোতে এসএ২০ লিগের খেলা চলবে।
এর আগে ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও কেনিয়া যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করেছিল। এবারই প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেল নামিবিয়া। ভেন্যুর পাশাপাশি বিশ্বকাপের ব্র্যান্ড ও থিমও উন্মোচন করেছে আইসিসি। বিশ্বকাপের ব্র্যান্ড ঠিক করা হয়েছে, ‘মেইক দা সার্কল বিগার’ এবং থিম থাকবে ‘থ্রি নেশন্স, ওয়ার্ন হার্টবিট।’
ভেন্যু ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ, মাখায়া এনটিনি, হাশিম আমলা, টেম্বা বাভুমা ও কাগিসো রাবাদা, জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসাকাদজা এবং নামিবিয়ার রুডলফ ইয়ানেস ভ্যান ভুরেন। যদিও এখনো চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়নি, তবে আগামী বছরের ৪ অক্টোবর থেকে ২১ নভেম্বরের মধ্যে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে।
ভোরের আকাশ/সু.পা