মাঠের যোগ্যতা ছাড়া বিশ্বকাপে খেলা অপমানজনক : ইতালির ক্রীড়ামন্ত্রী

২০২৬ বিশ্বকাপ ফুটবলে ইরানের বদলে ইতালিকে অন্তর্ভুক্ত করার একটি প্রস্তাব ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিশেষ দূত ফিফাকে এই প্রস্তাব দেন। তবে ইতালির ক্রীড়া সংশ্লিষ্টরা স্পষ্টভাবে এটি প্রত্যাখ্যান করেছেন এবং বিষয়টিকে ‘লজ্জাজনক’ ও ‘অপমানজনক’ বলে মন্তব্য করেছেন।
বিশেষ দূত পাওলো জাম্পোলি সম্প্রতি বলেন, ইরান যদি যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বকাপে অংশ নিতে না পারে, সে ক্ষেত্রে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে বিকল্প হিসেবে বিবেচনা করা যেতে পারে। তিনি বিষয়টিকে রাজনৈতিক প্রস্তাব না বলে ব্যক্তিগত একটি ধারণা এবং ‘স্বপ্ন’ হিসেবে উল্লেখ করেন। ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইতালির মতো বড় ফুটবল দেশকে বিশ্বকাপে দেখতে পাওয়া যুক্তিসংগত হতে পারে।
তবে ইতালির পক্ষ থেকে এই প্রস্তাবকে কঠোরভাবে নাকচ করা হয়েছে। দেশটির ক্রীড়ামন্ত্রী আন্দ্রেয়া আবোদি বলেন, বিশ্বকাপে অংশগ্রহণের একমাত্র পথ হলো মাঠে খেলে যোগ্যতা অর্জন করা। তিনি স্পষ্ট করে দেন, বিশেষ কোনো পরিস্থিতির কারণে সুযোগ পাওয়া গ্রহণযোগ্য নয়।
ইতালির অলিম্পিক কমিটির সভাপতি লুচিয়ানো বুয়োনফিগ্লিওও এই প্রস্তাবকে অপমানজনক হিসেবে আখ্যা দেন। তার মতে, বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে হয় মাঠের পারফরম্যান্সের মাধ্যমে। একইভাবে দেশটির অর্থমন্ত্রী জিয়ানকার্লো জর্জেত্তিও এটিকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন।
অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্পকে সাংবাদিকেরা ইরানের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন করলে তিনি শুরুতে বিষয়টি নিয়ে অনাগ্রহ প্রকাশ করেন। পরে তিনি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর দিকে প্রশ্নটি ঠেলে দেন। রুবিও জানান, যুক্তরাষ্ট্র ইরানি খেলোয়াড়দের অংশগ্রহণে কোনো বাধা দেয়নি, তবে নিরাপত্তা ও রাজনৈতিক কারণে কিছু ব্যক্তির ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকতে পারে।
তিনি আরও বলেন, ইরান নিজেই শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিতে পারে, সে ক্ষেত্রে বিকল্প হিসেবে ইতালির নাম আলোচনায় আসতে পারে।
এদিকে রোমে অবস্থিত ইরান দূতাবাস এই পুরো বিতর্কের কড়া সমালোচনা করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তারা জানায়, ফুটবল কোনো রাজনৈতিক খেলা নয়। ইরানকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার চেষ্টা যুক্তরাষ্ট্রের দ্বিচারিতা ও নৈতিক দুর্বলতাকেই প্রকাশ করে।
উল্লেখ্য, বাছাইপর্বে ইরান ইতোমধ্যেই বিশ্বকাপে জায়গা নিশ্চিত করা দলগুলোর একটি। অন্যদিকে ইতালি টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে, যার কারণে দেশটির জাতীয় দলের কোচ ও ফুটবল ফেডারেশনের সভাপতিকে পদত্যাগ করতে হয়েছে।
২০২৬ বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন। এবারের আসর যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ইরান গ্রুপ পর্বে তাদের সব ম্যাচ যুক্তরাষ্ট্রে খেলবে, যার মধ্যে ১৫ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হওয়ার কথা রয়েছে।
ভোরের আকাশ/সু.পা