হেলিকপ্টারে করে মাঠে নামল হীরাখচিত ট্রফি

চলতি বিপিএলের ট্রফি এবার একেবারেই ভিন্ন রূপে হাজির হয়েছে। দুবাইয়ে বিশেষ নকশায় তৈরি করা হয়েছে ২৫ লাখ টাকা মূল্যের হীরাখচিত এই ট্রফি, যা আগের যেকোনো বারের চেয়ে আলাদা আকর্ষণ তৈরি করেছে। মাঠে ট্রফিটির আগমনও ছিল ব্যতিক্রমী আয়োজনে।
আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্সের মধ্যে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। তার আগে ট্রফিকে ঘিরে ফটোসেশনে অংশ নেন দুই দলের অধিনায়ক শেখ মেহেদী হাসান ও নাজমুল হোসেন শান্ত।
টুর্নামেন্টের আগে থেকেই আলোচনা চলছে ২৫ লাখ টাকা খরচ করে আনা বিপিএলের ট্রফি নিয়ে। ফাইনালের আগপর্যন্ত তা জনসম্মুখে না আনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে। আজ ফাইনাল ম্যাচ শুরুর আগে বেলা সাড়ে ৪টায় হলো সেই ট্রফির উন্মোচন। লাল কাপড়ে ঢেকে ট্রফিটি হেলিকপ্টার থেকে নামিয়ে মাঠে রাখেন যুব দলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী ও জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন। তারপর মাঠে একটি ট্রফি কেসের উপরে রাখা হয় সেটি। দুই পাশে অধিনায়ক দাঁড়িয়ে ফটোসেশন করেন। তারপর রঙিন ফিতা উড়িয়ে বরণ করে নেওয়া হয় সেটি, যা ম্যাচ শেষে যে কোনো একটি দলের হাতে উঠবে।
ফাইনালে থাকছে না কোনো অনুষ্ঠান। কেবল প্রদর্শিত হবে আতশবাজি এবং লেজার শো। বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম কোয়ালিফায়ারে রাজশাহীকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট কেটেছিল চট্টগ্রাম রয়্যালস। একইদিন এলিমিনেটরে রংপুর রাইডার্সকে হারিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করা সিলেট টাইটান্সকে পরাজিত করে দ্বিতীয় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে রাজশাহী।
ভোরের আকাশ/এনএস