ডিসেম্বরেই ভারতে আসছেন মেসি

অবশেষে শেষ হলো জল্পনা—এবার নিশ্চিতভাবে ভারতে আসছেন বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। চলতি বছরের ডিসেম্বর মাসেই অনুষ্ঠিত হবে তার চার শহরের সফর, যার শিরোনাম রাখা হয়েছে ‘GOAT Tour of India 2025’।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সফর শুরু হবে আগামী ১২ ডিসেম্বর কলকাতা থেকে। এরপর মেসি যাবেন আহমেদাবাদ, মুম্বাই ও নয়াদিল্লি। কলকাতায় পৌঁছানোর পর ১৩ ডিসেম্বর সকালে তিনি তাজ বেঙ্গল হোটেলে ভক্তদের সঙ্গে একটি বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে অংশ নেবেন।
শুধু মেসিই নন, এ সফরে তার ক্লাব ইন্টার মায়ামির সতীর্থ লুইস সুয়ারেজ, সার্জিও বুসকেটস, জর্দি আলবা ও আর্জেন্টাইন তারকা রদ্রিগো ডে পলকেও দেখা যেতে পারে। তবে তাদের উপস্থিতি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
সূচি অনুযায়ী, সফরের অংশ হিসেবে মেসির ১৫ ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাতের পরিকল্পনা রয়েছে।
এর আগে ২০১১ সালে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে আর্জেন্টিনার হয়ে ভেনেজুয়েলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছিলেন মেসি। প্রায় ১৪ বছর পর আবারও ভারতীয় মাটিতে ফিরতে চলেছেন এই আর্জেন্টাইন কিংবদন্তি।
আয়োজক শতদ্রু দত্ত জানিয়েছেন, সফরের সময় মেসির জন্য থাকবে বিশেষ আয়োজন। আর্জেন্টাইন হারবাল চা ‘মাতে’ এবং ভারতের আসাম চায়ের সমন্বয়ে পরিবেশন করা হবে বিশেষ পানীয়। পাশাপাশি ইলিশসহ বাঙালি ঐতিহ্যবাহী মাছ-মাংস ও মিষ্টি নিয়ে আয়োজন করা হবে একটি ফুড ফেস্টিভ্যাল।
এছাড়া দুর্গাপূজার সময় তৈরি করা হবে ২৫ ফুট লম্বা ও ২০ ফুট চওড়া একটি বিশেষ মুরাল। ভক্তরা সেখানে নিজেদের বার্তা লিখে রাখতে পারবেন, যা সফরের সময় মেসির হাতে তুলে দেওয়া হবে।
ভোরের আকাশ//হ.র