শতভাগ ফিট নাহিদ রানা, দক্ষিণ আফ্রিকা সিরিজে ফেরার সম্ভাবনা

দ্বিতীয় দফায় অস্ট্রেলিয়ায় পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন নাহিদ রানা। অস্ট্রেলিয়ার চিকিৎসকদের কাছ থেকে ফিটনেসের ছাড়পত্র পেয়েছেন এই পেসার। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সাদা বলের সিরিজে তাঁর খেলা নিশ্চিত নয়। বিসিবির ফিটনেস পরীক্ষা ও টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে তাঁর মাঠে ফেরার বিষয়টি।
গত সেপ্টেম্বরে পুনর্বাসন চলাকালে আবারও চোটে পড়েন নাহিদ। এ কারণে দ্বিতীয় দফায় তাঁকে অস্ট্রেলিয়ায় পাঠানো হয়। সেখানে চিকিৎসক পিটার দি আলেসান্দ্রোর পরামর্শ নেন তিনি। পরে অস্ট্রেলিয়াতেই পুনর্বাসন সেশন সম্পন্ন করেন এই পেসার।
পুনর্বাসনের পাশাপাশি অস্ট্রেলিয়ার মাটিতে বোলিং অনুশীলনও শুরু করেন নাহিদ। কয়েকদিন আগে দেশে ফিরে গতকাল বিসিবির চিকিৎসকদের দেখান তিনি। জানা গেছে, বর্তমানে পূর্ণ ফিট নাহিদ এবং অস্ট্রেলিয়ার চিকিৎসকদের কাছ থেকে খেলার জন্য ছাড়পত্র পেয়েছেন।
তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে তাঁকে খেলানোর আগে ফিটনেস পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে সিরিজের জন্য বিবেচিত হবেন তিনি।
বিসিবির এক কর্মকর্তা জানান, ‘সে ফিট। এখন বাকিটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের ওপর। তার আগে ওয়ার্কলোড এবং ফিটনেস পরীক্ষায় পাস করতে হবে।’ নাহিদকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না বিসিবি। তাই ফিটনেস ও ওয়ার্কলোড পরীক্ষা শেষে তাঁর মাঠে ফেরার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ভোরের আকাশ/সু.পা