ভাগ্য বদলাতে হোটেল পরিবর্তন করলো টিম ইন্ডিয়া

তৃতীয়বার টি-২০ বিশ্বকাপ জয়ের জন্য কোনো ফাঁকই রাখতে চায় না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। যে কারণে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের আগে ভারতীয় দলকে নতুন একটি হোটেলে স্থানান্তর করেছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। এই পদক্ষেপকে তারা ‘ভাগ্য পরিবর্তনের’ একটি চেষ্টা হিসেবেই বিবেচনা করছে।
২০২৩ বিশ্বকাপ ফাইনাল এবং চলতি বিশ্বকাপেই সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে আহমেদবাদাদে একই হোটেলে অবস্থান করেছিলো ভারতীয় ক্রিকেট দল। দুটি ম্যাচেই হেরেছে তারা। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের আগেও সেই একই হোটেলে এসে উঠেছে ভারতীয় দলের ক্রিকেটাররা।
এ বিষয়টিই ভালোভাবে প্রত্যক্ষ করলো ভারতীয় দলের একজন সাপোর্ট স্টাফ। টিম ম্যানেজমেন্টকে সে জানালো যে, এই হোটেলটি ‘দুর্ভাগ্যে’র। এই হোটেলে থাকলে এবারও হয়তো ফাইনালে হারতে হতে পারে সূর্যকুমার যাদবদের। কারণ, এর আগে বড় দুটি ম্যাচের সময় এই হোটেলে থেকে হেরেছিল তাদের দল।
এ কথা শুনে ভারতীয় টিম ম্যানেজমেন্ট সঙ্গে সঙ্গে হোটেল পরিবর্তন করে অন্য একটি হোটেলে স্থানান্তর করে নিয়েছে।
বিশ্বকাপ খেলতে এসে এ ধরনের কুসংস্কারে ভালোই ডুবেছে ভারতীয় দল। এর আগেও (সেমিফাইনালের আগে) ভারতীয় দল চন্দ্রগ্রহণের ‘অশুভ প্রভাব’ এড়াতে মুম্বাইতে তাদের প্রশিক্ষণ সেশন ৪৫ মিনিট বিলম্বিত করেছিল। এবার আহমেদাবাদে, বিসিসিআই ফাইনালের আগে ভারতের টিম হোটেল পরিবর্তন করেছে।
ভোরের আকাশ/আ.র