ক্যারিবীয় প্রিমিয়ার লিগে অভিষেকেই মিরাজের বাজিমাত

ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) অভিষেক ম্যাচেই বল হাতে ঝলক দেখিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তাঁর ৩ উইকেটের সঙ্গে অধিনায়ক ইমরান তাহিরের ৫ উইকেটের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ১১৯ রানে সেন্ট লুসিয়া কিংসকে অলআউট করে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। পরে ৯ বল ও ৪ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে গায়ানা।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে সেন্ট লুসিয়া কিংস। স্বাগতিক দলের স্পিন আক্রমণের সামনে শুরু থেকেই চাপে পড়ে তারা। কামিল পুরান ৩৫ বলে ৪৩ ও ওবার পিয়েনার ২৮ বলে ৩৫ রান করলেও বাকিরা কেউ বড় ইনিংস খেলতে পারেননি। শেষ পর্যন্ত ১৮.৫ ওভারে ১১৯ রানে অলআউট হয় সেন্ট লুসিয়া।
গায়ানার হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন ইমরান তাহির। ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৫ উইকেট নেন ৪৭ বছর বয়সী এই সাবেক দক্ষিণ আফ্রিকান তারকা। মেহেদী হাসান মিরাজও ৪ ওভারে মাত্র ১৩ রান খরচ করে ৩ উইকেট শিকার করেন।
সেন্ট লুসিয়া ১৪ রানে টিম সেইফার্টকে হারানোর পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল। তবে জন ক্যাম্পবেলকে ফিরিয়ে তাদের গড়া জুটি ভেঙে দেন মিরাজ। এরপর কামিল পুরান ও রোস্টন চেজকে আউট করে সেন্ট লুসিয়াকে আরও চাপে ফেলেন ইমরান তাহির।
স্পিন সহায়ক উইকেটের সুবিধা কাজে লাগিয়ে নিজের বোলিং নৈপুণ্য অব্যাহত রাখেন মিরাজ। ক্যামল স্যাভরি ও চারিথ আসালাঙ্কাকে ফিরিয়ে সেন্ট লুসিয়ার ব্যাটিং লাইনআপে বড় ধাক্কা দেন তিনি। এরপর বাকি কাজ শেষ করেন তাহির।
১২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য শুরুতে কিছুটা চাপে পড়ে গায়ানা। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে মিরাজ মাত্র ৪ বলে ১ রান করে আউট হন। তবে গ্লেন ফিলিপস ও কুইন্টিন স্যাম্পসন ৩৭ রান করে দলকে জয়ের পথে রাখেন।
শেষ পর্যন্ত ১৮.৩ ওভারে ৬ উইকেটে ১২০ রান করে জয় পায় গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। ৯ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় তুলে নেয় তারা। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা গায়ানার সংগ্রহ দাঁড়িয়েছে ৮ ম্যাচে ১৪ পয়েন্ট।
ভোরের আকাশ/সু.পা