নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা বাংলাদেশের

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের দল বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নেপালে হতে যাওয়া বাছাইপর্বে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বেই খেলবে টাইগ্রেসরা।
১৫ সদস্যের দলে একদম নতুন মুখ হিসেবে আছেন জুয়াইরিয়া ফেরদৌস। আগামী ১২ই জানুয়ারি নেপালের কাঠমান্ডুর উদ্দেশ্যে দেশ ছাড়বে জ্যোতিরা।
বাছাইপর্বে গ্রুপ এ তে বাংলাদেশের সঙ্গী আয়ারল্যান্ড, নামিবিয়া, পাপুয়া নিউগিনি ও যুক্তরাষ্ট্র। প্রথম পর্বের পর দুই গ্রুপ থেকে তিনটি করে দল যাবে সুপার সিক্সে। সেখানে পয়েন্ট তালিকার সেরা চার দল আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ডে হতে যাওয়া চূড়ান্ত পর্বে খেলবে।
বি গ্রুপে স্বাগতিক নেপালের সঙ্গে আছে স্কটল্যান্ড, থাইল্যান্ড, জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস। ১৮ই জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাইপর্ব শুরু করবে বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজে গত বছরের জানুয়ারিতে সবশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলে বাংলাদেশ নারী দল। সেই সফরে দলে থাকা দুজন লতা মন্ডল ও তাজ নেহারের জায়গা হয়নি এবারের স্কোয়াডে। দলের নতুন মুখ উইকেটকিপার জুয়াইরিয়া ফেরদৌস বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে গত বছর খেলেন বিশ্বকাপে।
বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), সোবহানা মোস্তারি, ফারজানা হক, শারমিন আক্তার, দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, রিতু মণি, ফাহিমা খাতুন, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম, সানজিদা আক্তার ও সুলতানা খাতুন।
স্ট্যান্ডবাই: শারমিন সুলতানা, ফারজানা ইয়াসমিন, শরীফা খাতুন, ফাতেমা জাহান ও হাবিবা ইসলাম।
ভোরের আকাশ/নি. ব