আলভারেজকে নিয়ে রিয়াল-অ্যাতলেটিকো বাকযুদ্ধ

পুরো বিশ্ব যখন ফিফা বিশ্বকাপের উন্মাদনার অপেক্ষায়, তখন ইউরোপের কিছু শীর্ষ ক্লাব ব্যস্ত পরবর্তী মৌসুমের দল গোছানোর কাজে। পছন্দের ফুটবলারদের দলে ভেড়াতে চলছে নানা পরিকল্পনা ও দর-কষাকষি। এমনই এক আলোচিত ঘটনায় আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে দলে টানতে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে অ্যাতলেটিকো।
রিয়াল মাদ্রিদের দাবি, আলভারেজের জন্য দেওয়া ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছে নগরপ্রতিদ্বন্দ্বী ক্লাবটি। শুধু তাই নয়, তারা খেলোয়াড়টির ৫০০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজের বিষয়টিও উল্লেখ করেছে। তবে রিয়ালের এই বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তারা রিয়ালের বিবৃতিকে ব্যঙ্গও করেছে।
অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানায়, ‘আজকের পরিচালনা পর্ষদের সভার পর ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে হুলিয়ান আলভারেজের ফেডারেটিভ স্বত্ব অর্জনের লক্ষ্যে ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে। প্রস্তাবটি পর্যালোচনা ও মূল্যায়নের পর অ্যাতলেটিকো মাদ্রিদ দুই ক্লাবের বিদ্যমান সুসম্পর্কের কথা উল্লেখ করে প্রস্তাবের জন্য ধন্যবাদ জানিয়েছে এবং খেলোয়াড়ের রিলিজ ক্লজের বিষয়টি সামনে এনে তা প্রত্যাখ্যান করেছে।’
তবে রিয়ালের এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে অ্যাতলেটিকো। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ক্লাবটি লিখেছে, ‘আপনারা হয়তো ভদ্রতাকে কৃতজ্ঞতা বলে ভুল করেছেন। তবে কোনো বিভ্রান্তি না থাকুক—আমরা কোনো কিছুর জন্য আপনাদের ধন্যবাদ জানাইনি। হুলিয়ানকে নিয়ে কোনো প্রস্তাব আমরা পর্যালোচনা বা মূল্যায়নও করিনি। আপনারা বার্সেলোনার চেয়েও বেশি হাস্যকর আচরণ করছেন।’
এদিকে, সম্প্রতি দুই দশকের মধ্যে রিয়াল মাদ্রিদের প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সভাপতি নির্বাচনে জয় পেয়েছেন ফ্লোরেন্তিনো পেরেজ। আরও চার বছরের জন্য দায়িত্ব নিশ্চিত করার পরই আলভারেজকে নিয়ে এই আলোচনার সূত্রপাত হয়। নির্বাচনের আগে পেরেজ ইঙ্গিত দিয়েছিলেন, তিনি একজন অজ্ঞাত খেলোয়াড়কে দলে ভেড়াতে ১৫০ মিলিয়ন ইউরো ব্যয় করতে প্রস্তুত, যার নাম মঙ্গলবার প্রকাশ করা হবে। এই অঙ্কটি বাস্তবায়িত হলে সেটিই হতো রিয়াল মাদ্রিদের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ট্রান্সফার।
অন্যদিকে, বর্তমানে আসন্ন ফিফা বিশ্বকাপ নিয়েই মনোযোগ ধরে রেখেছেন আলভারেজ। তবে জাতীয় দলের হয়ে মাঠে নামার আগে চোট থেকে পুরোপুরি সেরে ওঠার প্রক্রিয়াও চালিয়ে যেতে হচ্ছে তাকে। সদ্য সমাপ্ত মৌসুমে অ্যাতলেটিকো মাদ্রিদের হয়ে ৪৯ ম্যাচে ২০ গোল করেছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। তার দল লা লিগা মৌসুম শেষ করেছে চতুর্থ স্থানে থেকে।
ভোরের আকাশ/সু.পা