হামজা-শমিতদের কোচ হতে বাফুফেতে ৩শ’র বেশি আবেদন

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হওয়ার দৌড়ে এবার বিশ্বজুড়ে ব্যাপক সাড়া মিলেছে। ইউরোপ, লাতিন আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশ থেকে অভিজ্ঞ কোচরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) তাদের জীবনবৃত্তান্ত পাঠাচ্ছেন।
বাফুফের টেকনিক্যাল কমিটির তথ্য অনুযায়ী, জাতীয় দল, বয়সভিত্তিক দল এবং গোলরক্ষক কোচ—সব মিলিয়ে এখন পর্যন্ত ৩০০’র বেশি আবেদন জমা পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন এসেছে জাতীয় দলের প্রধান কোচ পদের জন্য।
টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটন জানান, শুধু বয়সভিত্তিক দলের জন্য প্রায় ১০০ জন এবং গোলরক্ষক কোচ হিসেবে আরও প্রায় ৫০ জন আবেদন করেছেন।
আবেদনকারীদের মধ্যে উল্লেখযোগ্য কোনো নাম আছে কি না, তা নিয়ে ফুটবল অঙ্গনে আগ্রহ তৈরি হয়েছে। তবে এখনো যাচাই-বাছাই শেষ না হওয়ায় বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তিনি। এমনকি বিশ্বকাপে অংশ নেওয়া কোনো কোচ বা সাবেক ফুটবলার এই তালিকায় আছেন কি না, সেটিও চূড়ান্ত তালিকা তৈরি হলে বোঝা যাবে।
হিলটন আরও বলেন, “আমরা বিভিন্ন জায়গা থেকে অনেক নাম পাচ্ছি। দু-এক দিনের মধ্যে শর্টলিস্ট করা হলে প্রার্থীদের সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।”
এদিকে এত বড় আবেদন তালিকা থেকে যোগ্য প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করেছে বাফুফের নবগঠিত কমিটি। পুরো প্রক্রিয়া তদারকি করছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। অভিজ্ঞ ফুটবল কর্মকর্তাদের নিয়ে গঠিত এই কমিটি যাচাই-বাছাই শেষে সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করবে।
ভোরের আকাশ/সু.পা