নারী ক্রিকেটারদের নিরাপত্তায় কঠোর অবস্থানে তামিম ইকবাল

গত কয়েক বছরে বাংলাদেশ নারী ক্রিকেটের গুমোট পরিস্থিতি ও অনাকাঙ্ক্ষিত বিতর্ক কাটিয়ে উঠতে কঠোর অবস্থান নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল।
ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে তামিম ইকবাল বলেন, মাঠের পারফরম্যান্স বা বিশ্বকাপের চেয়েও বড় বিষয় হলো নারী ক্রিকেটারদের নিরাপত্তা ও মানসিক সুরক্ষা নিশ্চিত করা।
বিগত সময়ে নারী ক্রিকেটারদের সঙ্গে ঘটে যাওয়া কিছু ‘অপ্রীতিকর আচরণ’ এবং যথাযথ সুরক্ষা নিশ্চিত করতে না পারার ব্যর্থতা স্বীকার করে তামিম বলেন, অভিভাবকরা যেন নিশ্চিন্তে তাদের কন্যাদের বোর্ডে পাঠাতে পারেন—এমন আস্থার পরিবেশ তৈরি করাই তার প্রধান লক্ষ্য ও দায়িত্ব।
নারী ক্রিকেটের উন্নয়ন নিয়ে বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আরও বলেন, নিরাপত্তা নিশ্চিত করা গেলে উন্নয়ন এমনিতেই আসবে। নারী দলের জন্য একটি নিরাপদ ও পেশাদার পরিবেশ গড়ে তুলতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।
ভোরের আকাশ/সু.পা