মাঝের ওভারগুলোর ব্যাটিং দেখে বিস্মিত ফক্সক্রফট
জয়ের কাছাকাছি গিয়েও বাংলাদেশের হার

মিরপুরের শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে ২৬ রানের জয় পেয়েছে নিউজিল্যান্ড। ২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের ব্যাটিং, বিশেষ করে মাঝের ওভারগুলোর ব্যাটিংয়ের ধরণ দেখে বিস্ময় প্রকাশ করেছেন কিউই অলরাউন্ডার ডিন ফক্সক্রফট।
ম্যাচসেরা পারফরম্যান্স করা ফক্সক্রফট ৫৮ বলে ৫৯ রান করার পাশাপাশি বল হাতে নেন ১টি উইকেট। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশের ব্যাটিং কিছুটা অপ্রত্যাশিত ছিল। উইকেট ধীরগতির হয়ে যাওয়ায় নিউজিল্যান্ডের বোলাররা সুবিধা পাচ্ছিলেন। তার ধারণা ছিল, হাতে উইকেট থাকায় বাংলাদেশ শেষের দিকে আক্রমণাত্মক খেলবে, তবে তা দেখা যায়নি।
তিনি আরও বলেন, ক্রিকেট অনিশ্চয়তার খেলা—দ্রুত কয়েকটি উইকেট পড়ে গেলে ম্যাচের গতি হঠাৎ বদলে যেতে পারে। উইকেটের আচরণ নিয়েও কথা বলেন ফক্সক্রফট; কখনো বল দ্রুত আসছিল, আবার কখনো ধীর হয়ে যাচ্ছিল, যা ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জ তৈরি করে।
ফক্সক্রফটের মতে, বাংলাদেশ জয়ের খুব কাছাকাছি ছিল এবং শেষ উইকেট পড়ার আগ পর্যন্ত ম্যাচে টিকে ছিল। একজন সেট ব্যাটার থাকায় যেকোনো কিছু ঘটতে পারত বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে, আফিফ হোসেনের ব্যাটিং প্রসঙ্গে সাইফ হাসান বলেন, আফিফ ও হৃদয় যখন ক্রিজে ছিলেন, তখন তারা হয়তো পরের ব্যাটিং লাইনআপ নিয়ে চিন্তা করে কিছুটা সতর্ক খেলেছেন। তার মতে, আফিফ আউট হওয়ার আগ পর্যন্ত ম্যাচ বাংলাদেশের দিকেই ছিল, এবং তিনি আরও কিছুক্ষণ টিকে থাকতে পারলে ফল ভিন্ন হতে পারত।
ভোরের আকাশ/সু.পা