নিলামে উঠছে ফুটবল সম্রাট পেলের ১০ নম্বর জার্সি

"কীর্তিমানের মৃত্যু নেই"— বহুল প্রচলিত এই প্রবাদটি যতবারই ব্যবহৃত হোক না কেন, পেলে কিংবা ডিয়েগো ম্যারাডোনার ক্ষেত্রে তা চিরন্তন সত্য। মৃত্যুর কয়েক বছর পেরিয়ে গেলেও বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর হৃদয়ে তারা আজও অম্লান। এবার নিলামে উঠতে যাচ্ছে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের ১৯৫৮ সালের প্রথম বিশ্বকাপ জয়ের সেই ঐতিহাসিক ১০ নম্বর জার্সিটি, যার সম্ভাব্য মূল্য চড়তে পারে ৭০ কোটি টাকারও ওপরে।
বিশ্বখ্যাত নিলাম পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘সথবিস’এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রয়াত ফুটবল সম্রাটের প্রথম বিশ্বকাপ জয়ের এই জার্সিটির দাম ৬০ লাখ ডলারেরও বেশি হতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৩ কোটি ৭৪ লাখ টাকা। আগামী ২৯ জুন থেকে শুরু হয়ে ১৬ জুলাই পর্যন্ত চলবে এই ঐতিহাসিক নিলাম।
১৯৫৮ সালে মাত্র ১৭ বছর বয়সে প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পান পেলে। সথবিসের তথ্যমতে, স্মরণীয় সেই জার্সিটি পেলে তার সতীর্থ ও পরম মিত্র দিদাকে উপহার দিয়েছিলেন। দিদার পরিবার বছরের পর বছর ধরে এটি পরম মমতায় সংরক্ষণ করে রাখে। পরবর্তী সময়ে জার্সিটি একটি জাদুঘরে প্রদর্শনের জন্য রাখা হয় এবং ২০০৪ সালে প্রথমবারের মতো এটি নিলামে তোলা হয়েছিল।
সথবিসের বিশেষ ‘দ্য বিউটিফুল গেম’ শীর্ষক এই নিলামে পেলের জার্সি ছাড়াও থাকছে ফুটবলের আরও কিছু ঐতিহাসিক স্মারক। এর মধ্যে রয়েছে ১৯৮৬ বিশ্বকাপে ম্যারাডোনার ব্যবহৃত বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ ম্যাচের আর্মব্যান্ড এবং লিওনেল মেসির ব্যবহৃত বিভিন্ন খেলার সরঞ্জাম। আগামী ১ জুলাই নিউইয়র্ক সিটির সথবিস ব্রিউয়ার বিল্ডিংয়ে এই ঐতিহাসিক সামগ্রীগুলোর একটি উন্মুক্ত প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
ব্রাজিলের 'সেলেসাও' জার্সিতে ৯২ ম্যাচে পেলের গোল সংখ্যা ৭৭টি, পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ৪১টি গোলে। এর মধ্যে ফুটবল বিশ্বকাপে মাত্র ১৪ ম্যাচ খেলে তিনি করেছিলেন ১২টি গোল। ১৯৫৮ সালে ব্রাজিলের প্রথম বিশ্বকাপ জয়ে এই বিস্ময়বালকের অবদান ছিল অনবদ্য। সেই টুর্নামেন্টে ৬টি গোল ও ১টি অ্যাসিস্ট করেছিলেন তিনি; যার মধ্যে সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে হ্যাটট্রিক এবং ফাইনালে স্বাগতিক সুইডেনের বিপক্ষে জোড়া গোল করে ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন।
এডসন আরান্তেস দো নাসিমেন্তো— যা ফুটবলপ্রেমীদের কাছে 'পেলে' নামেই পরিচিত। তার দেখানো পথ ধরেই ব্রাজিল ফুটবল ইতিহাসের সর্বোচ্চ পাঁচবার বিশ্বকাপ জয়ের রেকর্ড গড়ে, যার শেষটি এসেছিল ২০০২ সালে। ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে রেকর্ড তিনবার বিশ্বকাপ জেতা এই কিংবদন্তি ২০২২ সালের ২৯ ডিসেম্বর ৮২ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
পেলের আগেই ২০২০ সালের ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে না- ফেরার দেশে চলে যান ফুটবলের আরেক জাদুকর ডিয়েগো ম্যারাডোনা। ২০২২ সালে তার বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ জার্সিটি রেকর্ড ৯৩ লাখ ডলারে (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১১৪ কোটি ১৫ লাখ টাকা) বিক্রি হয়েছিল।
ফুটবল সম্রাটকে ছাড়াই এবার ফুটবল বিশ্ব মাততে যাচ্ছে বিশ্বকাপের উন্মাদনায়। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৩তম ফুটবল বিশ্বকাপ। এবারই প্রথমবারের মতো ৪৮টি দলের অংশগ্রহণে বিশাল পরিসরে বসছে এই আসর, যেখানে শিরোপা ধরে রাখার মিশনে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কাকতালীয়ভাবে, পেলের জার্সির নিলাম শেষ হওয়ার ঠিক তিন দিন পরই নিউইয়র্কে অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপের মেগা ফাইনাল।
ভোরের আকাশ/সু.পা