চোট কাটিয়ে ফিরেই নেইমারের জোড়া গোল, তবু জয় পেল না সান্তোস

প্রায় এক মাস পর মাঠে ফিরেই জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। তবে তাঁর দুর্দান্ত প্রত্যাবর্তন সত্ত্বেও জয় পায়নি সান্তোস। ব্রাজিলিয়ান সিরি আ লিগে ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও নেইমারের দুই পেনাল্টি গোলে ২-২ ব্যবধানে ড্র করেছে দলটি।
শুক্রবার (৯ অক্টোবর) সান্তোসের ঘরের মাঠ ভিলা বেলমিরোতে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে দুই গোল করে এগিয়ে যায় ফ্ল্যামেঙ্গো। বিরতির পর মাঠে নেমে ম্যাচের চিত্র পাল্টে দেন নেইমার। তাঁর দুই গোলে হার এড়ায় স্বাগতিকেরা।
ম্যাচের ৪৩ মিনিটে দানিলোর গোলে এগিয়ে যায় ফ্ল্যামেঙ্গো। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন লুকাস পাকেতা। ফলে বিরতিতে ২-০ গোলে এগিয়ে ছিল সফরকারীরা।
বিরতির পর ফিলিপ কৌতিনিয়োর বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। ডান ঊরুর পেশিতে চোটের কারণে গত ২ সেপ্টেম্বর পালমেইরাসের বিপক্ষে ম্যাচের পর থেকে মাঠের বাইরে ছিলেন তিনি। চোটের কারণে সান্তোসের ছয়টি ম্যাচেও খেলতে পারেননি এই ফরোয়ার্ড।
ম্যাচের ৭৯ মিনিটে জর্জিনহো লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় ফ্ল্যামেঙ্গো। এরপর ম্যাচে ফেরার সুযোগ কাজে লাগায় সান্তোস। ৮২ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন নেইমার। ছয় মিনিট পর, ৮৮ মিনিটে আরেকটি পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান ব্রাজিলের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা।
ম্যাচে নেইমার ও তাঁর সাবেক জাতীয় দল সতীর্থ লুকাস পাকেতার মধ্যে উত্তপ্ত পরিস্থিতিও তৈরি হয়। নেইমারকে ফাউল করে হলুদ কার্ড দেখেন ফ্ল্যামেঙ্গোর এই মিডফিল্ডার।
এই ড্রয়ে দুই দলের টানা পাঁচ ম্যাচের জয়ের ধারায় ছেদ পড়েছে। জয়ের খুব কাছে গিয়েও দুই পয়েন্ট হারানো ফ্ল্যামেঙ্গোর শিরোপা লড়াইয়ের জন্য বড় ধাক্কা। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলটির সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা পালমেইরাসের ব্যবধান মাত্র এক পয়েন্ট।
অন্যদিকে, এই ড্রয়ের পর ৪২ পয়েন্ট নিয়ে তালিকার অষ্টম স্থানে রয়েছে সান্তোস। শীর্ষে থাকা ফ্ল্যামেঙ্গোর পয়েন্ট ৬১।
গত মৌসুমেও চোটের সঙ্গে লড়াই করেও গুরুত্বপূর্ণ সময়ে গোল করে সান্তোসকে অবনমন থেকে বাঁচাতে ভূমিকা রেখেছিলেন নেইমার। এবারও চোট কাটিয়ে ফেরার পর তাঁর এমন পারফরম্যান্স মৌসুমের বাকি অংশে সান্তোসের ঘুরে দাঁড়ানোর আশা বাড়াবে।
ভোরের আকাশ/সু.পা