মাঠে বিশ্বকাপ ফাইনাল দেখবেন ট্রাম্প, নিরাপত্তায় এফ-১৬ ও সামরিক স্নাইপার

বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে ঘিরে যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম বৃহৎ ক্রীড়া নিরাপত্তা অভিযান পরিচালনা করছে ট্রাম্প প্রশাসন। ফাইনাল ম্যাচটি মাঠে বসে উপভোগ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার উপস্থিতিকে কেন্দ্র করে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা।
স্টেডিয়ামের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে এফ-১৬ যুদ্ধবিমান ও সামরিক স্নাইপার। স্টেডিয়ামের ওপর নো-ফ্লাই জোন বা উড়োজাহাজ চলাচল নিষিদ্ধ এলাকা কঠোর নজরদারিতে রাখা হবে। ছাদে অবস্থান নেবেন স্নাইপাররা। পুরো নিরাপত্তা কার্যক্রমে সহায়তা করবে হাজার হাজার এফবিআই এজেন্ট।
হোয়াইট হাউজ জানিয়েছে, কঠোর নিরাপত্তা তল্লাশির কারণে দর্শকদের স্টেডিয়ামে প্রবেশে বিলম্ব হতে পারে। তাই ম্যাচ শুরুর অন্তত চার ঘণ্টা আগে দর্শকদের স্টেডিয়ামে পৌঁছানোর অনুরোধ জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কাঠামোয় বিশ্বকাপের ফাইনালকে ‘লেভেল–১ স্পেশাল ইভেন্ট’ হিসেবে ঘোষণা করা হয়েছে, যা দেশটির সর্বোচ্চ নিরাপত্তা শ্রেণি।
হোয়াইট হাউজ ফিফা টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি বলেন, এই আয়োজনের পরিধি প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠান বা স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের সমতুল্য। তার ভাষায়, “সত্যি বলতে, এটি সুপার বোলের চেয়েও বড় আয়োজন।”
তিনি জানান, নিউ জার্সি স্টেট পুলিশকে সহায়তা করতে একাধিক ফেডারেল সংস্থা কাজ করছে। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ট্রাম্পের উপস্থিতি এই বিশ্বকাপকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয়, নিরাপদ ও সফল আসর হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়ক হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রাম্পের সফরকে কেন্দ্র করে ফেডারেল এজেন্ট, স্থানীয় পুলিশ ও বেসরকারি নিরাপত্তা সংস্থাগুলো গত দুই বছর ধরে প্রস্তুতি নিয়ে আসছে। এরই মধ্যে মেটলাইফ স্টেডিয়ামের ওপর অস্থায়ী ফ্লাইট নিষেধাজ্ঞা অমান্য করা একটি ছোট বেসামরিক বিমানকে বাধা দেয় যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান। বিমানটিকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ার আগে এফ-১৬ থেকে ফ্লেয়ার ছুড়ে পাইলটের দৃষ্টি আকর্ষণ করা হয়।
নিউইয়র্ক-নিউ জার্সি অঞ্চলে ফাইনাল উপলক্ষে আকাশপথে বিশেষ বিধিনিষেধ জারি করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, স্টেডিয়ামের আশপাশের নিষিদ্ধ আকাশসীমায় উড়তে থাকা শত শত ড্রোন জব্দ করেছে এফবিআই।
কর্তৃপক্ষের দাবি, টুর্নামেন্টের আগের ১০৩টি ম্যাচ নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। এখন তাদের মূল লক্ষ্য ফাইনালও নিরাপদভাবে শেষ করা। ম্যাচ শেষে ফিফা সভাপতি জান্নি ইনফান্তিনোর সঙ্গে যৌথভাবে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সূত্র: দ্য টেলিগ্রাফ
ভোরের আকাশ/সু.পা