ঋতুপর্ণাকে বাড়ি নির্মাণ করে দেবে বিসিবি

বাংলাদেশ নারী ফুটবলের তারকা ঋতুপর্ণা চাকমার জন্য নতুন বাড়ি নির্মাণের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার বিকেলে বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান এ তথ্য জানান। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও অস্ট্রেলিয়া থেকে বিষয়টির অনুমোদন দিয়েছেন।
রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলের জরাজীর্ণ বাড়িতে বসবাস করছেন ঋতুপর্ণা। বাবা ও একমাত্র ভাইয়ের মৃত্যুর পর সংসারের দায়িত্ব তার কাঁধে পড়ে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য হিসেবে মায়ের চিকিৎসার খরচও বহন করতে হয় তাকে। অর্থাভাবে এতদিন বাড়ি সংস্কার বা নতুন নির্মাণ সম্ভব হয়নি।
বাংলাদেশ নারী ফুটবলে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ঋতুপর্ণা। তার গোলে ২০২৪ সালে সাফ চ্যাম্পিয়নশিপ জেতে বাংলাদেশ এবং মিয়ানমারের বিপক্ষে জোড়া গোল করে দলকে প্রথমবারের মতো এশিয়া কাপ ফুটবলে তুলেছেন। বর্তমানে ভুটান লিগে খেললেও সম্প্রতি ঢাকায় ফিরে প্রথম আলোর ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে অংশ নেন তিনি এবং বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জেতেন।
বিসিবির এই উদ্যোগকে দেশের ক্রীড়া অঙ্গনে মানবিকতার এক অনন্য উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
ভোরের আকাশ//হ.র