ব্রাজিলের আশা ভিনিসিয়ুস, নরওয়ের ভরসা হালান্ড

ফুটবল মাঠে লড়াই শুধু দুই দলের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, অনেক সময় ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ হয়ে ওঠে দুই তারকা ফুটবলারের ব্যক্তিগত দ্বৈরথ। ব্রাজিল ও নরওয়ের মধ্যকার শেষ ষোলোর ম্যাচেও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবেন বিশ্বের অন্যতম সেরা দুই স্ট্রাইকার ভিনিসিয়ুস জুনিয়র ও আর্লিং হালান্ড।
নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচে প্রথমবার জাতীয় দলের জার্সিতে একে অপরের মুখোমুখি হচ্ছেন এই দুই তারকা। এর আগে ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির জার্সিতে একাধিকবার মুখোমুখি হয়েছেন তারা।
মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে আছেন ভিনিসিয়ুস। আটবারের দেখায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের দল জিতেছে চারবার, দুটি ম্যাচ ড্র হয়েছে এবং দুটি ম্যাচে জয় পেয়েছে হালান্ডের দল।
ব্যক্তিগত পারফরম্যান্সেও এগিয়ে রয়েছেন ভিনিসিয়ুস। এই আট ম্যাচে তিনি তিনটি গোল ও পাঁচটি অ্যাসিস্ট করে মোট আট গোলে সরাসরি অবদান রেখেছেন। অন্যদিকে হালান্ড করেছেন চারটি গোল।
২০২২-২৩ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে ১-১ গোলের ড্র ম্যাচে দারুণ এক গোল করেছিলেন ভিনিসিয়ুস। যদিও ফিরতি লেগে ৪-০ ব্যবধানে জিতে ফাইনালে ওঠে ম্যানচেস্টার সিটি। সেই ম্যাচে গোলের দেখা পাননি হালান্ড।
পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আবারও মুখোমুখি হয় দুই দল। দুই লেগে কোনো গোল করতে পারেননি ভিনিসিয়ুস কিংবা হালান্ড। শেষ পর্যন্ত টাইব্রেকারে জয় পেয়ে সেমিফাইনালে ওঠে রিয়াল মাদ্রিদ।
২০২৪-২৫ মৌসুমে প্লে-অফ পর্বে ম্যানচেস্টার সিটির ৩-২ ব্যবধানে জয়ের ম্যাচে জোড়া গোল করেছিলেন হালান্ড। পরে লিগ পর্বের আরেক ম্যাচে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচেও একটি গোল করেন নরওয়েজিয়ান এই স্ট্রাইকার।
তবে ২০২৫-২৬ মৌসুমের শেষ ষোলোর লড়াইয়ে আবারও আধিপত্য দেখায় রিয়াল মাদ্রিদ। ইতিহাদ স্টেডিয়ামে ২-১ ব্যবধানে জয় পাওয়া ম্যাচে জোড়া গোল করেন ভিনিসিয়ুস। হালান্ড একটি গোল করলেও ম্যানচেস্টার সিটির বিদায় ঠেকাতে পারেননি।
বর্তমান টুর্নামেন্টেও গোলদাতার তালিকায় ভালো অবস্থানে রয়েছেন দুই তারকা। ভিনিসিয়ুসের গোল চারটি, আর হালান্ড করেছেন পাঁচটি। শেষ ষোলোর এই লড়াই শেষে একজনের গোলসংখ্যা বাড়লেও টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে দুই তারকার একজনকে।
তাই ব্রাজিল-নরওয়ে ম্যাচটি যেমন দুই দলের জন্য গুরুত্বপূর্ণ, তেমনি ভিনিসিয়ুস ও হালান্ডের ব্যক্তিগত দ্বৈরথও ফুটবলপ্রেমীদের বাড়তি আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
ভোরের আকাশ/সু.পা